জবাব দিচ্ছে ভারতও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুখোমুখি প্রথম বলেই মিচেল জনসনের বাউন্সার গিয়ে লাগল বিরাট কোহলির হেলমেটে। সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন ছুটে গেলেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়কের দিকে, জনসন নিজেও তখন বিচলিত। পরে অবশ্য সামলে উঠে কোহলি করেছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। কাল অ্যাডিলেড ওভালে l মেইল অনলাইন
মুখোমুখি প্রথম বলেই মিচেল জনসনের বাউন্সার গিয়ে লাগল বিরাট কোহলির হেলমেটে। সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন ছুটে গেলেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়কের দিকে, জনসন নিজেও তখন বিচলিত। পরে অবশ্য সামলে উঠে কোহলি করেছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। কাল অ্যাডিলেড ওভালে l মেইল অনলাইন

অ্যাডিলেডের ২২ গজ এমনিতেই আলাদা জায়গা নিয়ে আছে তাঁর হৃদয়ে। টেস্ট ক্রিকেটে পায়ের নিচে শক্ত জমি প্রথমে খুঁজে পেয়েছিলেন তো এখানেই! বছর তিনেক আগে, প্রথম টেস্ট সেঞ্চুরির স্বাদ এই অ্যাডিলেডেই। তত দিনে ওয়ানডের বড় তারকা হয়ে ওঠা ব্যাটসম্যান জানান দিয়েছিলেন সাদা পোশাকে বিরুদ্ধ বাতাসেও ছুঁতে পারেন তিন অঙ্ক। কালকের পর অ্যাডিলেড নামটি হৃদয়ে চিরতরে গাঁথাই হয়ে যাওয়ার কথা বিরাট কোহলির!
গত ফেব্রুয়ারিতে সেঞ্চুরি করেছিলেন ওয়েলিংটনে। ২৪ টেস্টে সেটি ষষ্ঠ সেঞ্চুরি, টেস্টের আঙিনায়ও বড় নাম হওয়ার পথে আরেকটি পদক্ষেপ। কিন্তু এরপর ইংল্যান্ডে গিয়ে আচমকাই পেছন দিকে হাঁটা। সুইং বোলিংয়ে নবিশের মতো ব্যাটিং, ১০ ইনিংসে ১৩.৪ গড়ে করেছিলেন ১৩৪ রান! বিদেশের মাটিতে টেস্ট ব্যাটিংয়ের সামর্থ্য যখন প্রশ্নবিদ্ধ, তখন সেই অ্যাডিলেডেই আবার নিজেকে চেনালেন কোহলি। সেটিও আবার টেস্ট অধিনায়ক হিসেবে নিজের প্রথম ইনিংসেই!
যেভাবে খেলছিলেন, সেঞ্চুরি পেতে পারতেন চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানেও। পঞ্চাশ ছাড়িয়েছেন ওপেনার মুরালি বিজয়ও। ভারপ্রাপ্ত অধিনায়কের সঙ্গে এই তিনজনের ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার রানের জবাব দারুণভাবে দিচ্ছে ভারত। এক দিনেই কাল ৯৭ ওভারে রান তুলেছে ৩৬৯, ৫ উইকেট হারিয়ে। অস্ট্রেলিয়া সফরে অবশ্য বরাবরই ভারতের ভরসা এই অ্যাডিলেড। ২০০৩ সালে এখানে ১ম ইনিংসে অস্ট্রেলিয়া ৫৫৬ রান তোলার পরও জিতেছিল ভারত। ২০০৮ সালেও তুলেছিল ৫২৬ রান। রানসংখ্যাই আসলে বলে দিচ্ছে কারণ। অ্যাডিলেড বরাবরই অস্ট্রেলিয়ার সবচেয়ে ভালো ব্যাটিং উইকেট। ড্রপ ইন উইকেটে কাল তৃতীয় দিন ছিল ব্যাটিংয়ের জন্য সবচেয়ে ভালো।
তবে ভারতীয় ব্যাটসম্যানদের কৃতিত্বকে খাটো করে দেখার কারণ নেই তাতে। মিচেল জনসনের জন্য তো আর সব সময় উপযোগী পিচ লাগে না! গত অ্যাশেজে এখানেই ৪০ রানে ৭ উইকেট নিয়ে উড়িয়েছিলেন ইংলিশদের। কাল জনসনকে দারুণ সামলেছেন ভারতীয়রা, রান গুনেছেন এই ফাস্ট বোলার ওভারপ্রতি ৫ করে। গুরুত্বপূর্ণ দুটি উইকেট অবশ্য পেয়েছেন জনসনই। ফিফটির পর মুরালি বিজয়কে বাউন্সারে নড়বড়ে করে আউট করেছেন ফুলার লেংথ বলে। শেষ বিকেলে হুক করতে গিয়ে আউট হয়েছেন কোহলি।
এই কোহলিকে প্রথম বলেই বাউন্সারে হেলমেটে বল লাগিয়েছিলেন জনসন। তবে সেই ধাক্কা দ্রুতই সামলে দারুণ সব শট খেলেছেন কোহলি। অজিঙ্কা রাহানে রান করেছেন বলের সঙ্গে পাল্লা দিয়ে। ইংল্যান্ডে কোহলির মতোই ধুঁকতে থাকা পূজারা লায়নের বলে দুর্ভাগ্যজনকভাবে বোল্ড হওয়ার আগে খেলেছেন নিখুঁত। বল তাঁর ঊরুতে লেগে দুই পায়ের মাঝ দিয়ে গড়িয়ে লাগে স্টাম্পে! সাদা পোশাকে জায়গা পাকা করার লড়াইয়ে থাকা রোহিতের চেষ্টা থাকবে আজ দলকে লিড এনে দেওয়ার। স্টার স্পোর্টস, ক্রিকইনফো।