সমালোচনার তির ছুটে আসছে একের পর এক। কিছু কথার জবাব মাইকেল ক্লার্ক নিজেই দিচ্ছেন। কিছু ক্ষেত্রে ক্লার্কের হয়ে ব্যাট ধরেছেন তাঁর সতীর্থ ও শুভাকাঙ্ক্ষীরা।
এখন পর্যন্ত সবচেয়ে কড়া সমালোচনাটা এসেছে অস্ট্রেলিয়ার সাবেক কোচ জন বুকাননের কাছ থেকে। ক্লার্কের অধীনে অস্ট্রেলিয়ার ‘ব্যাগি গ্রিন সংস্কৃতি’ কিছুটা মলিন হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন বুকানন। যেটির জবাব দিয়েছেন এই অ্যাশেজের আগে ক্রিকেট থেকে অবসর নেওয়া ক্লার্কের সতীর্থ রায়ান হ্যারিস। মেলবোর্নের এসইএন রেডিওকে হ্যারিস বলেছেন, ‘জন বুকানন যেভাবে ক্লার্কের সমালোচনা করেছেন, তাতে আমার কিছুটা রাগ হয়েছে। জনকে তো বুঝতে হবে, ক্লার্কের তখন একুশ, বাইশ কিংবা তেইশ বছর বয়স। সে তখন তরুণ। আমরা সবাই সেই বয়সটা পেরিয়ে এসেছি। সবাই তো জানি তরুণ বয়সে আমাদের আচরণ কী রকম হয়।’
সেই তরুণ বয়সটা পেরিয়ে ক্লার্ক পরে দারুণ পরিণত হয়েছেন বলেও মনে করেন হ্যারিস, ‘ও যে দলে সুযোগ পেয়েছিল, সেই দলটা ছিল কিংবদন্তিতে ভরা। আর তারা সবাই তাকে আগলে রেখেছিল। সে নিজেকে বিশেষ কেউ ভাবতেই পারে, হঠাৎই হাতে অত টাকাপয়সা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা সবাই পরিণত হই। আমি তো এমনই ভাবি। আমার এমনই হয়েছে, আমার মনে হয় ক্লার্কেরও তা-ই হয়েছে। একজন সাবেক কোচ হয়ে জন যেভাবে ক্লার্কের সমালোচনা করলেন, সেটা খুবই খুবই হতাশাজনক।’
নেতা হিসেবে ক্লার্ক দারুণ ছিলেন বলেও মত হ্যারিসের, ‘সে দারুণভাবে নেতৃত্ব দিয়েছে এবং ছেলেরা তাকে অধিনায়ক হিসেবে শ্রদ্ধাও করে। যদি কিছু নিতে সমস্যা হতো, যে কেউ তার সঙ্গে কথা বলতে পারত। সে এমন কোনো পরিবেশ তৈরি করত না, যাতে মনে হতে পারে, সে শুধু নিজের মতকেই প্রাধান্য দিচ্ছে। যদি কোনো সমস্যা হতো, কিংবা কারও কিছু বলার থাকত, সেটা সহজেই ক্লার্ককে বলা যেত।’
ক্লার্কের সমালোচকদের ধুয়ে দিয়েছেন কিংবদন্তি অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যালান ডেভিডসনও। ১৫ বছর বয়সী ক্লার্ককে গ্রিন শিল্ডে খেলতে দেখে তাঁর মধ্যে প্রতিভার খোঁজ পেয়েছিলেন সর্বকালের অন্যতম সেরা এই বাঁহাতি পেসার। ক্লার্কের আজকের এই ক্লার্ক হয়ে ওঠার পেছনেও অবদান আছে পঞ্চাশ ও ষাটের দশকে অস্ট্রেলিয়ার হয়ে ৪৪ টেস্ট খেলা এই বোলিং অলরাউন্ডারের। যাঁরা ক্লার্ককে উদ্ধত ও দাম্ভিক বলছেন, তাঁদের উদ্দেশে ডেভিডসন বলেছেন, ‘আমি সব সময় নিজের ওপর আস্থাটাকে বড় করে দেখি। এটা নিজেকে নিয়ে গর্ব, ঔদ্ধত্য নয়। (যারা তাকে দাম্ভিক বলছে) তারা আসলে জীবনে কিছু অর্জন করতে পারেনি।’ ফক্স স্পোর্টস।