জবাব নয়, ধন্যবাদ দিতে চান রাজ্জাক
>

• এ পারফরম্যান্স কোনো জবাব দেওয়া নয়।
• ৩৬ বছর বয়সে সুযোগ করে দেওয়ায় বোর্ডকে ধন্যবাদ রাজ্জাকের।
• আজ শ্রীলঙ্কার প্রথম ৫ উইকেটের চারটি পেয়েছেন রাজ্জাক।
দু-একটি হার্ট বিট যে মিস করেছেন, সেটা হাসিমুখেই স্বীকার করে নিয়েছেন।
অথচ এই ২২ গজের উইকেট তাঁর কত পরিচিত। ঘরোয়া ক্রিকেটের কথা বাদ দেওয়া যাক। আন্তর্জাতিক ক্রিকেটেও এই মাঠে, এই উইকেটে খেলার এক দশক হয়ে গেছে। তবুও নাকি বুক ডিব ডিব করছিল আবদুর রাজ্জাকের। করারই কথা, কাঁটায় কাঁটায় চার বছর পর টেস্ট খেলতে নামা। স্পন্দনে ছন্দপতন না হলে তো রাজ্জাকের হৃদ্যন্ত্র নিয়েই প্রশ্ন উঠে যায়।
২০১৪ সালে এই শ্রীলঙ্কার সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে সাদা পোশাকে দেখা গিয়েছিল রাজ্জাককে। ৮ ফেব্রুয়ারি শেষ হওয়া সেই ম্যাচের পর যে আক্ষেপের গল্প শুরু হয়েছিল, সেটা শেষ হলো আরেক ৮ ফেব্রুয়ারিতে, শ্রীলঙ্কারই বিপক্ষে। অপেক্ষার প্রহর কেটে যাওয়ার পর রাজ্জাকের অনুভূতিটাও তাই ছিল অনুমিত, ‘দল নির্বাচন থেকে যখন বোলিং করতে মার্কে গেলাম, পুরোটা সময়ই একটু উত্তেজিত ছিলাম। হার্ট বিট দু–একটা মিস করেছি, তবে একদম আগের মতো নয়!’
১৪ বছর আগের অভিষেকের অনুভূতি নাহয় পুরোপুরি ফিরে পেলেন না। কিন্তু এমন প্রত্যাবর্তন কজনের হয়। প্রথম দুই সেশনে শ্রীলঙ্কান স্কোরকার্ডকে যে ধ্বংসস্তূপ মনে হচ্ছিল, সেটা তো রাজ্জাকের কৃতিত্ব। প্রথম ৫ উইকেটের মধ্যে চারটিই ছিল রাজ্জাকের। চার বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে উপেক্ষিত থাকার পর এমন প্রত্যাবর্তন। জবাব দেওয়া তো একেই বলে! বাঁহাতি স্পিনার অবশ্য মানতে রাজি নন, ‘না, এঁকে জবাব দেওয়া বলা যায় না। যখনই খেলি, ভালো খেলার চেষ্টা করি—এটুকুই।’
কিন্তু এই ভালো খেলার চেষ্টা, ঘরোয়া ক্রিকেটে উইকেটের বন্যা বইয়ে দেওয়াতে—এ সবেও তো দলে ডাক পাওয়া হচ্ছিল না। বয়সটা যে ক্রমশ ত্রিশের কোটার উল্টো দিকে ছুটে যাচ্ছে। মধ্য ত্রিশে জাতীয় দলে ডাক পাওয়ার কথা চিন্তা করাই তো কঠিন। এ বয়স মানেই যেন অবসর নিয়ে নেওয়া। কিন্তু রাজ্জাক ঠিকই ৩৬ বছর বয়সে এসে দলে ঢুকে পড়লেন। এ সুযোগ পেয়ে তাই কৃতজ্ঞ রাজ্জাক, ‘ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ এ সময়ে আমাকে দলে ডাকা হয়েছে। এর মানেই হলো, কখনোই কারও জন্য সুযোগ শেষ হয়ে যায় না।’
জাতীয় দলে ফেরার হাল ছেড়ে দেওয়া ক্রিকেটাররা, শুনছেন তো?