জবাবটা ভালোই দিল কলাবাগান

মোহামেডানের ৩০৭ রানের জবাবটা মোটামুটি ভালোই দিয়েছে কলাবাগান ক্রীড়া চক্র। তবে তামিম ইকবালের ইনিংসটাকে ছাপিয়ে যেতে পারেননি কলবাগানের কেউ। বিকেএসপিতে তাই ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে লড়াই করে ২৪ রানে হেরেছে তারা।
জয়ের জন্য ৩০৮ তাড়া করতে নেমে কলাবাগানের ইনিংস থামে ৯ উইকেটে ২৮৩ রান করে। জিম্বাবুইয়ান ক্রিকেটার হ্যামিল্টন মাসাকাদজার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬৮ রান। তুষার ইমরান করেন ৬৪। ম্যাচ পাতানোর কারণে নিষেধাজ্ঞা কাটিয়ে প্রিমিয়ার লিগে ফেরা মোহাম্মদ আশরাফুল ৪ রানের জন্য (৪৬) হারান ফিফটি করার সুযোগ। শেষের দিকে মুক্তার আলীর অপরাজিত ৩৮ রানে ২৮৩ রানে গিয়ে থামে কলাবাগানের ইনিংস।
কলাবাগানের ইনিংসের শুরুটা ভালো হয়নি। ২৫ রানে প্রথম উইকেট পড়ে তাদের। এরপর আশরাফুল আর মাসাকাদজা দ্বিতীয় উইকেটে ৪৭ রানে যোগ করেন। আশরাফুল তাঁর ৪৬ রানের ইনিংসে মারেন ৮টি চার। আশরাফুল রহমত শাহর বলে নাজমুল মিলনকে ক্যাচ দেন।
আশরাফুলের ফেরার পর মাসাকাদজা আর তুষার ইমরান তৃতীয় উইকেটে যোগ করেন ৯২ রান। ৮৬ বলের এই জুটি দারুণ সম্ভাবনা জাগিয়েছিল। ৯২ রানের ৬৪-ই করেন তুষার। ৬১ বলের ইনিংসে ৬টি চার ও ১টি ছক্কা মারেন জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটসম্যান।

এই জুটির ৩০ ওভারে ২ উইকেটে ১৬৪ রানে শঙ্কা জেগেছিল মোহামেডান শিবিরে। তবে তুষারের বিদায়ের পর লড়াইটা আর জমাতে পারেনি কলাবাগান। মাসাকাদজাও রান আউট হয়ে যান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৬৪/১ থেকে দ্রুতই ২১৪/৫ হয়ে যায় কলাবাগান। মুক্তার, তাসামুল ও আবুল হাসানদের ব্যাটে ব্যবধানটা কমাতে পারে কলাবাগান।
মোহামেডানের কামরুল ইসলাম রাব্বী ৬৯ রানে নেন ৩ উইকেট। মেহেদী হাসান মিরাজ ২ উইকেট নেন ৫৬ রানে। সাজেদুল ইসলাম ও রহমত শাহ নিয়েছেন একটি করে উইকেট।
এর আগে, সকালে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ৩০৭ করে মোহামেডান। তামিম ইকবালের ব্যাট থেকে আসে ১৫৭ রানের দুর্দান্ত এক ইনিংস। ১২৫ বল খেলে ১৮টি চার ও ৭টি ছয় মারেন তামিম। মোহামেডানের দ্বিতীয় সর্বোচ্চ রান আসে শামসুর রহমানের ব্যাট থেকে—৩৮।
আল আমিনের সেঞ্চুরিতে প্রাইম ব্যাংকের জয়
বিকেএসপির ৩ নম্বর মাঠে খেলাঘরকে ৫৯ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। প্রথমে ব্যাট করে প্রাইম ব্যাংকের করা ৩০৭ রানের জবাবে খেলাঘরের ইনিংস থামে ২৪৮ রানে।
প্রাইম ব্যাংকের পক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন আল আমিন। মাত্র ৯৪ বলে ৯টি চার ও ৩টি ছয়ে ১০৬ রান করেন তিনি। প্রাইম ব্যাংকের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান জাকির হাসানের—৫০। এ ছাড়া সৌম্য সরকার ৩৯, সাব্বির রহমান ৩৬ ও ভারতীয় ব্যাটসম্যান উন্মুক্ত চাঁদ ৩২ রান করেন। শেষ দিকে আরিফুল হক মাত্র ১০ বলে ২৬ রান করেন।
খেলাঘরের ডলার মাহমুদ ও শামসুল আলম বাবু ২টি করে উইকেট নেন। সাদেকুর রহমান তাজিন ও রবিউল ইসলাম নেন একটি করে উইকেট। প্রাইম ব্যাংকের ৩০৭ রানের জবাব খুব খারাপ দেয়নি খেলাঘর। নাজমুস সাদাত ৫৬, সালাউদ্দিন পাপ্পু ৪১, অমিত মজুমদার ৩৯ আর নাজিমউদ্দিন ৩০ রান করেন। প্রাইম ব্যাংকের রুবেল হোসেন ৩৫ রান দিয়ে নেন ২ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন উন্মুক্ত চাঁদ ও নাহিদুল ইসলামও।
ফতুল্লায় জিতল গাজী গ্রুপ
এদিকে ফতুল্লার খান সাহেব ওসমান স্টেডিয়ামে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ৮ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। টসে জিতে প্রথমে ব্যাট করে ভিক্টোরিয়ার ইনিংস শেষ হয় মাত্র ১৭৭ রানেই। উত্তম সরকারের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২৯ রান। ১৪৮ রানে ৯ উইকেট হারানো ভিক্টোরিয়া অষ্টম উইকেটে ২৪ আর শেষ উইকেটে ২৯ রানে ১৭৭-এ পৌঁছতে পারে।
গাজী গ্রুপের ভারতীয় ক্রিকেটার পারভেজ রসুলের সামনে দাঁড়াতেই পারেনি ভিক্টোরিয়া। ১০ ওভার বল করে ২৮ রানে তিনি নিয়েছেন ৪ উইকেট। জবাবে গাজী গ্রুপ ৩১.২ ওভারে মাত্র ২ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায়। দুই ওপেনারই ফিফটি পেয়েছেন। এনামুল হক করেন ৫০, জহুরুল ইসলাম ৫২। মুমিনুল হকের ৩০ আর নাসির হোসেন ৪১ রানে অপরাজিত থেকে খেলা শেষ করে ফেরেন। মনিরুল ইসলাম ও আরাফাত সানি জুনিয়র একটি করে উইকেট পেয়েছেন।