জমজমাট পঞ্চম দিনের অপেক্ষা

হামিদ-বার্নস এখনও অপরাজিতছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৬৮ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওভাল টেস্ট জমিয়ে তুলেছে ইংল্যান্ড। ৩২ ওভার শেষে হাসিব হামিদ আর ররি বার্নসের ওপেনিং জুটিতে উঠেছে ৭৭ রান। শেষ দিনে আর ২৯১ রান তুলতে পারলেই সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যাবে স্বাগতিক ইংল্যান্ড। হামিদ ৪৩ ও বার্নস ৩১ রানে অপরাজিত আছেন।

তবে ভারতকে হারাতে হলে একটা রেকর্ডই করতে হবে ইংলিশদের। ২০১৯ অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই মহাকাব্যিক হেডিংলি টেস্টে ৩৫৯ রান তাড়া করে জিতেছিল ইংলিশরা। ভারতকে কাল হারাতে হলে সে রেকর্ড ভেঙেই হারাতে হবে। হাতে যেহেতু দশ উইকেট আছেই, ইংল্যান্ড আশা করতেই পারে!

এর আগে শার্দুল ঠাকুরের টানা দ্বিতীয় ফিফটি ও ঋষভ পন্তের সিরিজের প্রথম ফিফটির সুবাদে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪৬৬ রান তোলে ভারত, যা এই সিরিজে সর্বোচ্চ। এই দুই তারকার শতাধিক রানের জুটি ও টেল এন্ডার উমেশ যাদব (২৫) ও যশপ্রীত বুমরার (২৪) দুটি ছোট ছোট ইনিংসের সুবাদে সকালের সেশনের তিন উইকেট হারানোর ক্ষতে বেশ ভালোই প্রলেপ দেয় ভারত।

আবারও ফিফটি করেছেন শার্দুল
ছবি : রয়টার্স

আবারও আলো ছড়িয়েছেন ক্রিস ওকস। ৩২ ওভার বল করে ৮৩ রানে নিয়েছেন তিন উইকেট। রবীন্দ্র জাদেজা (৫৯ বলে ১৭) ও অজিঙ্কা রাহানেকে (৮ বলে ০) জেঁকে বসতে দেননি ইংল্যান্ডের ওপর। ওদিকে মঈন আলি তুলে নেন বিরাট কোহলিকে (৯৬ বলে ৪৪)। শেষদিকে আলি তুলে নেন পন্তকেও (১০৬ বলে ৫০), যদিও ওয়ানডে স্টাইলে ব্যাট করতে থাকা শার্দুলকে আউট করতে অধিনায়ক জো রুটকেই বল হাতে আসা লাগে (৭২ বলে ৬০)।

শেষ দিনটা তাই বেশ জমজমাট হতে যাচ্ছে, আশা করতেই পারেন ক্রিকেটপ্রেমীরা। দেখা যাক, বুমরা-জাদেজারা শেষ দিনে ইংল্যান্ডের দশ উইকেট তুলে নিতে পারেন কি না!