জমজমাট সুপার লিগের আভাস
প্রথম পর্ব শেষে ১৫ পয়েন্ট নিয়ে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে সবার ওপরে আছে ভিক্টোরিয়া। পরের চার দল মোহামেডান, প্রাইম দোলেশ্বর, আবাহনী ও লিজেন্ডস অব রূপগঞ্জের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান মাত্র ১! এমনকি ষষ্ঠ দল প্রাইম ব্যাংকের সঙ্গেও শীর্ষে থাকা ভিক্টোরিয়ার পার্থক্য খুব বেশি নয়—৩ পয়েন্ট। পয়েন্ট তালিকার এই চেহারাই বলে দিচ্ছে, আজ থেকে তিন ভেন্যুতে শুরু সুপার লিগটাও হয়ে উঠবে জমজমাট।
আম্পায়ারিং বিতর্ক, হঠাৎ সূচি বদল, বিশেষ কোনো ক্লাবকে সুবিধা দিতে ভেন্যু পরিবর্তন—মাঠের বাইরের এসব বিতর্ককে সঙ্গী করেও এবারের প্রিমিয়ার লিগ হচ্ছে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শিরোপা জয়ের সম্ভাবনা আছে সুপার লিগের ছয় দলেরই। মিরপুরে অনুশীলন করতে এসে প্রাইম দোলেশ্বরের আইকন খেলোয়াড় নাসির হোসেন কাল বলছিলেন, ‘সব দলেরই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে। সুযোগটা সবার জন্য উন্মুক্ত বলে কারও চ্যাম্পিয়ন হওয়া সহজ হবে না।’
গতবারের রানার্সআপ প্রাইম দোলেশ্বরের চোখ এবার শুরু থেকেই শিরোপায়। সুপার লিগের জন্য তারা ভারত থেকে উড়িয়ে এনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শচীন বেবিকে। ব্যাটিং-বোলিংয়ে দারুণ ভারসাম্যপূর্ণ দোলেশ্বর আজ বিকেএসপিতে সুপার লিগের প্রথম রাউন্ডে খেলবে আবাহনীর বিপক্ষে। তাসকিনকে রান আউট না দেওয়াসহ আম্পায়ারদের বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত আবাহনীর পক্ষে যাওয়ায় একই মাঠে দুই দলের আগের ম্যাচটি উত্তেজনা ছড়িয়েছিল বেশ।
টানা তিন ম্যাচে হেরে একটা পর্যায়ে সুপার লিগে খেলাই অনিশ্চিত হয়ে পড়েছিল আবাহনীর। তবে নানা বিতর্ক ও সমালোচনা পেরিয়ে বিকেএসপিতে নিজেদের শেষ চার ম্যাচে জিতে দাপটের সঙ্গেই শেষ ছয়ে পা রেখেছে তামিম ইকবালের দল। ২০১০-১১ মৌসুমের পর আবারও শিরোপা ঘরে তোলার প্রতিজ্ঞা তাদের। দলে এনেছে ভারতের যশপাল সিংকে। প্রথম পর্বের দুর্দান্ত পারফরম্যান্স বড় স্বপ্ন দেখাচ্ছে ভিক্টোরিয়াকেও। ফতুল্লায় সুপার লিগের প্রথম ম্যাচে আজ তারা মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের।
লিগের শুরুটা খুব ভালো হয়েছিল মোহামেডানের। কিন্তু শেষ পাঁচ ম্যাচের তিনটিতেই হেরে যাওয়ায় সুপার লিগ তারা নিশ্চিত করেছে একটু দেরিতে। উপুল থারাঙ্গা চলে যাওয়ার পর কাল দলে যোগ দিয়েছেন আরেক শ্রীলঙ্কান থিসারা পেরেরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ মোহামেডানের মুখোমুখি হবে লিজেন্ডস অব রূপগঞ্জ। নানা প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে চলা এই দলটিও এবার শিরোপার অন্যতম দাবিদার। সুপার লিগে খেলাতে ভারতীয় অলরাউন্ডার পবন নেগিকে নিবন্ধন করিয়েছে তারা।
আজকের খেলা
ভিক্টোরিয়া-প্রাইম ব্যাংক
(সকাল ৯টা, ফতুল্লা)
মোহামেডান-লিজেন্ডস অব রূপগঞ্জ
(সকাল ৯টা, মিরপুর)
প্রাইম দোলেশ্বর-আবাহনী
(সকাল ৯টা, বিকেএসপি)