জমেনি দুই তামিমের জুটি
বিসিবি প্রেসিডেন্টস কাপে আজ সবচেয়ে আকর্ষণীয় হতে পারত দুই ‘তামিমে’র ব্যাটিং জুটি। দেশের সেরা ওপেনার তামিম ইকবালের সঙ্গে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ওপেনার তানজিদ হোসেন তামিম। কিন্তু তামিম-তামিমের জুটিটা জমেনি। রুবেল হোসেনের দুর্দান্ত এক বলে বড় তামিম এলবিডব্লু হয়েছেন ২ রান করে। তামিম একাদশের ওপেনিং জুটি ভেঙে যায় মাত্র ৪ রানে।
ইনিংসের শুরুতেই তামিম একাদশকে চাপে ফেলে মাহমুদউল্লাহ একাদশ যখন এগিয়ে যাওয়ার চিন্তা করেছিল, তখনই বৃষ্টি বাগড়া। এবারের অক্টোবরটা যেন একটু বেশিই বৃষ্টি প্রবণ। প্রায় প্রতিদিন দুপুরে ঝর ঝর বৃষ্টি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃষ্টিবাধায় ৩ ওভারের পর ম্যাচ বন্ধ থেকেছে প্রায় দুই ঘণ্টা। সাড়ে ৩টায় আবার শুরু হয়েছে খেলা। ম্যাচ নেমে এসেছে ৪৭ ওভারে। ইনিংস বিরতি ৪৫ মিনিটের জায়গায় করা হয়েছে ৩০ মিনিট।
বৃষ্টি থামলেও মিরপুরের আকাশ এখনো মেঘলা। ৩টার দিকেই জ্বলে উঠেছে ফ্লাড লাইট। বৃষ্টিবিরতির পর তামিম একাদশের আবারও ধাক্কা। এ প্রতিবেদন লেখার সময় ৯ ওভারে তামিম একাদশের রান ৩ উইকেটে ৪৮। রুবেলের দুর্দান্ত বোলিংয়ে ফিরে গেছেন তানজিদ (২৭) আর মোহাম্মদ মিঠুন (০)।