জয় তুলে নিলো বাংলাদেশ 'এ' দল
জয়ের জন্য প্রয়োজন ছিল আর মাত্র ৬১ রান। কাল তৃতীয় দিন শেষে ১ উইকেটে ৪৩ রান করে ফেলা বাংলাদেশ ‘এ’ দলের সেই প্রয়োজনীয় রান তুলে নিতে কোনো সমস্যাই হয়নি। চতুর্থ দিন প্রথম সেশনেই সেই রান তুলে জিম্বাবুয়ে ‘এ’ দলকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’।
লক্ষ্যমাত্রায় পৌঁছতে সমস্যা হয়নি এটা বলাটা বোধহয় একটু বাড়াবাড়িই হয়ে গেল। ১ উইকেট ৪৩ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা বাংলাদেশ ‘এ’ দল লক্ষ্যপূরণের পথে হারিয়েছে আরও তিনটি উইকেট। লিটন দাস, মার্শাল আইয়ূব ও রকিবুল হাসান দ্রুত ফিরে গিয়ে যে শঙ্কার জন্ম দিয়েছিলেন, সেই শঙ্কাটাই দূর করেছেন নাঈম ইসলাম ও ফরহাদ হোসেন।
নাঈম ১৫ এবং ফরহাদ ১৬ রানে অপরাজিত থেকে বাংলাদেশ ‘এ’কে জয়ের বন্দরে পৌঁছে দেন। এর আগে, লিটন ৪২, মার্শাল ১৩ ও রকিবুল ১০ রান করেন।
কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামের দুর্বোধ্য উইকেটে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে এই বেসরকারি টেস্ট ম্যাচটি শুরুর দিন থেকেই রঙ বদলেছে নানাভাবে। তবে এই ম্যাচে বল হাতে বাজিমাতটা ওই সাকলাইন সজীবেরই। প্রথম ইনিংসে ৯ আর দ্বিতীয় ইনিংসে ৬-মোট ১৫ উইকেট নিয়ে রেকর্ডই করে ফেলেছেন তিনি। প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশি বোলারদের মধ্যে ইনিংস ও ম্যাচে সেরা বোলিং পরিসংখ্যান এখন তাঁরই।