জয় দেখছিল ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থ দিন শেষে ম্যাড়মেড়ে ড্র-ই মনে হচ্ছিল যে ম্যাচের পরিণতি, সেটিতে হঠাৎ করেই ফিরল রোমাঞ্চ। বলা ভালো, ফিরিয়ে আনলেন জেমস অ্যান্ডারসন। কাল শেষ দিনের সকালে দুর্দান্ত এক স্পেলে ইংলিশ পেসার ফিরিয়ে দিয়েছেন ব্রাফেট (১১৬), চন্দরপল (৩৭) ও স্যামুয়েলসকে (৭)। পরে ব্ল্যাকউডকে (১০) আউট করেছেন জর্ডান, রানআউট হয়েছেন হোল্ডার (২)। ২২৪ থেকে ২৬০-এই ৩৬ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে গ্রেনাডা টেস্টের নিয়ন্ত্রণটা চলে গেল ওয়েস্ট ইন্ডিজের হাত থেকে। শেষ পর্যন্ত কাল লাঞ্চের আধা ঘণ্টা পরেই দিনেশ রামদিনের দল অলআউট ৩০৭ রানে। জেতার জন্য ইংল্যান্ডের লক্ষ্য ১৪৩ রান, হাতে ৫৯ ওভার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ড তুলেছে ১৪ ওভারে ১ উইকেটে ৪৬ রান। অ্যালিস্টার কুক ব্যাট করছিলেন ৩০ রানে, গ্যারি ব্যালান্স ১৫ রানে। অলৌকিক কিছু না হয়ে থাকলে জয় নিয়েই মাঠ ছাড়ার কথা ইংল্যান্ডের।

 অথচ আগের দিন শেষে ২ উইকেটে ২০২ রান তোলা ওয়েস্ট ইন্ডিজ নিরাপদ অবস্থানে চলে গিয়েছে বলেই মনে হচ্ছিল। চতুর্থ দিনে ব্রাফেট গ্রেনাডার মন্থর উইকেটে স্বভাবসুলভ মনঃসংযোগের প্রমাণ দিয়ে বলের পর বল খেলে গেছেন। কাল সকালে অ্যান্ডারসনের বলে আউট হওয়ার আগে ২৫২ বল খেলেছেন, চার মেরেছেন ১৪টি। ব্রাফেটের আউট দিয়েই শুরু হয় ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডারে ধস। অধিনায়ক রামদিন অষ্টম ও নবম উইকেটে কেমার রোচ ও দেবেন্দ্র বিশুকে নিয়ে ২২ ও ২৫ রানের দুটি জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজের রানটা ৩০৭ পর্যন্ত নিয়ে যান। 

এর আগে পরশু ইংল্যান্ডের প্রথম ইনিংসের নায়ক জো রুট। ইনিংস শেষ হয়ে যাওয়ার সময় ১৮২ রানে অপরাজিত। টেস্টে তাঁর ষষ্ঠ সেঞ্চুরি, তবে দেশের বাইরে এটাই প্রথম। এই ইনিংস খেলার পথে দুই হাজার রানও পূর্ণ হয়েছে রুটের। ইংল্যান্ডের পক্ষে শুধু অ্যালিস্টার কুকই তাঁর চেয়ে কম বয়সে এই মাইলফলক ছুঁতে পেরেছেন। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে বিশু ৫১ ওভার বোলিং করে ৪ উইকেট নিয়েছেন, তবে এ জন্য খরচ করতে হয়েছে ১৭৭ রান। ইংল্যান্ডের ইনিংসে এরপর সবচেয়ে বড় ঘাতক রানআউট! তিন-তিনজন ব্যাটসম্যান এর শিকার। টেস্ট ক্রিকেটে এক ইনিংসে এর আগে মাত্র দুবার তিনটি রানআউট দেখেছে ইংল্যান্ড! ক্রিকইনফো।   

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ: ২৯৯ ও ৩০৭ (ব্রাফেট ১১৬, ব্রাভো ৬৯, স্যামুয়েলস ৩৭, রামদিন ২৮; অ্যান্ডারসন ৪/৪৩, ব্রড ১/৭১, মঈন ৩/৫১, জর্ডান ১/৬৯, স্টোকস ০/৩৪, রুট ০/২৯)

ইংল্যান্ড: ৪৬৪ ও ৪৬/১ (কুক ৩০*, ব্যালান্স ১৫*; গ্যাব্রিয়েল ১/১০) (অসমাপ্ত)