ছয় বছর পর দেশের মাটিতে ফিরেছে ওয়ানডে। উৎসব যখন, রান-উৎসবেই তা পূর্ণতা পাক! পাকিস্তানের টপ অর্ডার কাল লাহোরের গ্যালারিকে উন্মাতালই করে তুলেছে। ৫০ ওভারে ৩৭৫ রান, নিজেদের মাটিতে এত রান কখনোই করতে পারেনি পাকিস্তান।
এই বিশাল রান তাড়া করে জবাবটা ভালোই দিচ্ছিল জিম্বাবুয়ে। দারুণ এক সেঞ্চুরিতে আশা দেখাচ্ছিলেন এলটন চিগুম্বুরা। শেষ পর্যন্ত ৯৫ বলে ১১৭ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে ওয়াহাব রিয়াজের বলে বোল্ড হয়ে গেছেন জিম্বাবুয়ে অধিনায়ক, জয়ের জন্য তখনো জিম্বাবুয়ের দরকার ৩২ বলে ৮৩ রান। হাতে ছিল পাঁচ উইকেট।
উপলক্ষটা সবচেয়ে বেশি স্মরণীয় করে রেখেছেন শোয়েব মালিক। সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন দুই বছর আগে। আর সর্বশেষ সেঞ্চুরি ২০০৯ সালের সেপ্টেম্বরে। ৩৩ ম্যাচ পরে পেলেন সেঞ্চুরি, আর এটিকে রাখবেন অনেক দিক দিয়েই। ৭০ বলের এই সেঞ্চুরি মালিকের দ্রুততম তো বটেই, নিজেদের মাঠে কোনো পাকিস্তানি ব্যাটসম্যানের দ্বিতীয় দ্রুততম।
সেঞ্চুরিটা পেতে পারতেন প্রথম চারজনের বাকি তিনজনও। ওপেনিংয়ে নেমে আজহার করেছেন ৭৯ রান, আর হাফিজ বোল্ড ৮৬ রানে। প্রথম উইকেটে দুজন তুলেছেন ১৭০ রান। এরপর হারিস সোহেলকে নিয়ে দৃশ্যপটে মালিক। দুজনেই ছিলেন খড়্গহস্ত, ইনিংসের শেষ বলে যখন মালিক আউট হয়েছেন, তখন তাঁর নামের পাশে ৭৬ বলে ১১২ রান। ওপাশে হারিস অপরাজিত ৬৬ বলে ৮৯ রানে। তৃতীয় উইকেটে দুজন মিলে ২৩ ওভারে তুলেছেন ২০১ রান! টেন ক্রিকেট।