জয় বাংলাদেশের প্রাপ্যই ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিচার্ড হ্যাডলি
রিচার্ড হ্যাডলি

ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ থেকে বিদায় করে দেওয়ার জন্য পুরো নম্বরই পাবে বাংলাদেশ দল। জয়টা তাদের প্রাপ্যই ছিল। কোয়ার্টার ফাইনালে সম্ভবত ভারতের সঙ্গে দেখা হবে বাংলাদেশের। আমি আগেই বলেছিলাম, সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে এবং ইতিবাচক থাকলে তারা জিতবেই। মানসিক দৃঢ়তা দেখিয়েই দলটা নকআউট পর্বে উঠেছে। সেখানে সম্ভবত তাদের প্রতিপক্ষ হবে ভারত। দলটা তাদের চেনা। ভারতের শক্তি-দুর্বলতা বাংলাদেশ খুব ভালো করেই জানে।
অন্যদিকে নিজেদের বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে খারাপ ফলাফল করেই বিদায় নিল ইংল্যান্ড। ইংলিশ ক্রিকেট কর্তারা এখন প্রশ্ন তুলতেই পারেন, কেন এত খারাপ ফল হলো। প্রশ্ন থাকবে কোচিং, দল নির্বাচন, অধিনায়কত্ব, খেলোয়াড়দের দৃষ্টিভঙ্গি ও পারফরম্যান্স নিয়েও। সুযোগ-সুবিধা তো তারা কম পায় না, তার পরও এই দুর্দশা! স্কটল্যান্ডের বিপক্ষে পাওয়া জয়টা ছাড়া তাদের খেলায় ইতিবাচক কিই-বা ছিল? তাদের মূল বোলাররা ভালো করেনি, কিছু ব্যাটসম্যান মাঝে মাঝে জ্বলে উঠলেও একসঙ্গে সবাই ভালো খেলেনি।
এখন পর্যন্ত নিউজিল্যান্ড ও ভারতই শুধু অপরাজিত। অলরাউন্ড পারফরম্যান্স বলতে যা বোঝায়, সেটাই করছে দল দুটো। দুই দলের বোলাররা ৫ ম্যাচেই প্রতিপক্ষকে অলআউট করেছে। এটা বেশ বড় অর্জন। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা এখনো কঠিন প্রতিদ্বন্দ্বী হিসেবে টিকে আছে। ভারত-নিউজিল্যান্ডের সঙ্গে ওরা সেমিফাইনালে উঠতে পারে।
আমি কুমার সাঙ্গাকারা ও এবি ডি ভিলিয়ার্সের ব্যাটিংয়ে মুগ্ধ। সাঙ্গাকারা নিপুণ শিল্পীর মতো ইনিংস গড়ে, অন্যদিকে এবি প্রতিপক্ষকে স্রেফ ছিঁড়েখুঁড়ে ফেলে। বোলিংয়ে ফাস্ট বোলাররা তো ভালো করছেই। ভেট্টোরি ও অশ্বিন—এই দুজন স্পিনারও খুব ভালো করছে। সাউদি, বোল্ট, মরকেল ও স্টার্করা দারুণ করছে, ওরাই দলের মূল বোলার। তবে আমার কাছে এখন পর্যন্ত টানা তিন সেঞ্চুরি পাওয়া কুমার সাঙ্গাকারাই সেরা খেলোয়াড়।
আরেকজন ব্যাটসম্যানও বিশ্বকাপে আলো ছড়াচ্ছে। তার নাম গ্লেন ম্যাক্সওয়েল—সবচেয়ে অপ্রথাগত, অননুমেয় ও বিস্ফোরক ব্যাটসম্যান। অবিশ্বাস্য কিছু শট খেলে সে বোলারদের হুমকি হয়ে উঠেছে। তার মতো খেলোয়াড়েরা হয় প্রথম বলে আউট হবে অথবা ৫০ বলে সেঞ্চুরি করবে। তাকে নিয়ে প্রতিপক্ষদের আলাদা করে ভাবতেই হয়। তবে যা-ই হোক এখন পর্যন্ত সাঙ্গাকারাই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। সে-ই সবার সেরা। (হক-আই)