জয়ই চান মুশফিক

খুলনায় এই প্রথম টেস্ট হচ্ছে, তা নয়। ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট বাংলাদেশ খেলেছে শেখ আবু নাসের স্টেডিয়ামেই। কিন্তু শহরে ঢুকলেই বোঝা যাচ্ছে, টেস্ট ম্যাচ হবে এ শহরে। দারুণ এক উৎসব–উৎসব আবহ।
দুই দলের খেলোয়াড়দের ছবির কাটআউটে ভরে উঠেছে শহর। স্বাভাবিকভাবেই পাকিস্তানি খেলোয়াড়দের তুলনায় সাকিব-তামিম-মুশফিকদের প্রাধান্যই সেখানে বেশি। সাকিবের একটি ছবির পাশে লেখা—‘ক্ষুধার্ত বাঘ’! শুধু সাকিব নয়, ‘ক্ষুধার্ত’ বোধ হয় পুরো দলই। পাকিস্তানের বিপক্ষে ৮টি টেস্ট খেলেছে বাংলাদেশ। একটিতেও জয় নেই। স্বাভাবিকভাবেই জয়ের ক্ষুধা তৈরি হয়েছে। তার ওপর আবার ওয়ানডে, টি-টোয়েন্টিতে পাকিস্তানকে উড়িয়ে দেওয়া বাংলাদেশ এখন টেস্টেও জিততে মরিয়া।
টেস্টেও কি ওয়ানডে, টি-টোয়েন্টির ধারাবাহিকতা ধরে রাখবে পারবে বাংলাদেশ? সঙ্গে এও প্রশ্ন উঠেছে, এ প্রত্যাশার চাপ অনুভব করছে বাংলাদেশ? অধিনায়ক মুশফিকুর রহিম অবশ্য একে ‘চাপ’ বলতে রাজি নন, ‘চাপ নয়; এখানে প্রত্যাশা। প্রত্যাশা বেশি হলে মনে হয় খেলোয়াড়দের জন্য ভালো। তখন তাদের সেরাটা বের হয়ে আসে। ছেলেরা অনেক আত্মবিশ্বাসী। ৫ দিন যদি আমরা সেরা ক্রিকেট খেলি তাহলে ফল আমাদের পক্ষে আসবে।’
টেস্টে পাকিস্তানের বিপক্ষে জয়হীন থাকলেও ঘুরেফিরে আশার গানই শোনাচ্ছেন টেস্ট অধিনায়ক, ‘ড্র করার জন্য কিংবা হারের জন্য কেউ টেস্ট ক্রিকেট খেলে না। শেষ ১৬ বছরে পাকিস্তানের বিপক্ষে আমাদের কোনো জয়ই ছিল না। অনেকে বলেছে তাদের ওয়ানডে দল ভালো ছিল না। আমরা যারা উইকেটে খেলেছি, তারা হাড়ে হাড়ে বুঝেছি তাদের বিপক্ষে রান করা কতটা কঠিন। এটা খুব স্বাভাবিক, রান করলে বলে এটা আক্রমণ করা অনেক সহজ আর রান করতে না পারলে বলে এত বাজে বোলিং কেউ রান করতে পারছে না। এটাই আমাদের সংস্কৃতি। কিন্তু বিষয়টি সে রকম নয়। আর আমাদের লক্ষ্য অবশ্যই জয়ের। জিম্বাবুয়ের বিপক্ষে ২টি টেস্ট ম্যাচই কিন্তু আমরা শেষ সেশনে গিয়ে জয় পেয়েছি। এটা কখনো সহজ হয় না। আমাদের এতটুকু বিশ্বাস আছে, প্রতিপক্ষের ২০ উইকেট নিতে পারব। আমাদের যে ব্যাটসম্যান আছে, তাতে ৬০০–র বেশি রান করার সামর্থ্যও আছে। ফিল্ডাররা যদি ভালো করতে পারে, তাহলে ফল আমাদের পক্ষেই আসবে।’
পাকিস্তানের বিপক্ষে টেস্ট বললে অবধারিতভাবে চলে আসবে মুলতান টেস্টের কথা। মুশফিকের স্মৃতিতে ভালোভাবেই আছে সে টেস্টের কথা। বাংলাদেশের প্রতিটি ক্রিকেটপ্রেমীর মতো তাঁর মধ্যেও কাজ করে এ নিয়ে আক্ষেপ, ‘মুলতান টেস্টের সময় আমি স্কুলে, বিকেএসপিতে পড়তাম। টেস্টটা দেখেছিলাম। সে ম্যাচ নিয়ে তো আক্ষেপ থাকেই। আমাদের যে সামর্থ্য রয়েছে, গত ১৫ বছর টেস্টে সে অনুযায়ী খেলতে পারিনি। তবে এ বছরটা আমরা ভালো খেলছি। এবার আমাদের যে মানসিকতা, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে আগে কখনো সেটা দেখা যায়নি। আমাদের আত্মবিশ্বাস আছে, ভালো করার। সে আত্মবিশ্বাস নিয়ে পাঁচ দিনই ভালো করতে চাইব।’
পাকিস্তান টেস্ট দলে বেশ কজন অভিজ্ঞ খেলোয়াড় যোগ হয়েছে। মিসবাহ–ইউনুসের মতো ব্যাটসম্যান। এটা বাংলাদেশের জন্য কতটা চ্যালেঞ্জিং? মুশফিকও মানছেন পাকিস্তানের টেস্ট ব্যাটিং লাইন-আপ বেশ সমৃদ্ধ, ‘দুজনই টেস্টে দারুণ ব্যাটসম্যান। তাদের ব্যাটিং লাইন-আপ শক্তিশালী হয়েছে। এর পরও তাদের চাপ থাকবে। কারণ, ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজ হেরেছে। আমাদের চেষ্টা থাকবে তাদের চাপে ফেলে দ্রুত ফিরিয়ে দেওয়ার। আজহার ও হাফিজও টেস্টে ভালো খেলে। আসলে আমাদের জিততে হলে ২০টি উইকেট নিতে হবে। ’
গত কয়েক মাস বাংলাদেশ টেস্টে খেলেনি বাংলাদেশ। এটিও অসুবিধা মানছেন না অধিনায়ক, ‘টেস্ট খেলেনি, তাই বলে খারাপ খেলব, তা নয়। টি-টোয়েন্টিও আমরা বহুদিন খেলিনি। তবুও পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছি। খেলতে পারলে হয়তো অনুশীলনের সুযোগটা বাড়ত। ব্যাটসম্যানরা সবাই রানে আছে। সবাই আত্মবিশ্বাসী। পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নিতে হবে।’
এক সময় বড় দলগুলোর বিপক্ষে টেস্টে ড্র করতে পারাটাকেই ‘জয়’ বলে মানত বাংলাদেশ। কিন্তু মুশফিক বলছেন, ‘ড্রয়ের উদ্দেশ্যে খেলতে নামলে বোলিং-ব্যাটিংয়ে রক্ষণাত্মক মানসিকতা তৈরি হয়। প্রতিপক্ষ সেটা বুঝে যায়। এটা নির্ভর করছে পরিস্থিতির ওপর। তবে জয়টাই আসল। দলে বেশ কজন ম্যাচ উইনার আছে। যেকোনো দলের বিপক্ষেই তারা ভালো খেলতে পারে। কাজেই কেন আমরা জয়ের কথা ভাবব না?’
এ এক সত্যিই অন্য বাংলাদেশ!