জয়তু আইপিএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন ম্যাচে তিন জয়। বিশ্বকাপটা বিশ্ব চ্যাম্পিয়নের মতোই শুরু করেছে ভারত। রান করছেন বিরাট কোহলি ও শিখর ধাওয়ানরা। উইকেট পাচ্ছেন মোহাম্মদ শামি ও রবিচন্দ্রন অশ্বিনরা। অস্ট্রেলিয়ায় দুঃস্বপ্নের সময় কাটানো ভারত বিশ্বকাপে এসে হঠাৎ যেন বদলে গেছে। তো কোহলি-অশ্বিনদের সাফল্যের রহস্য কী? কী আবার, আইপিএল! আইপিএলকে কৃতিত্বটা দিয়েছেন আইপিএলের জনক বলে কথিত ললিত মোদিই। বিশ্বকাপে ভারতীয়দের পারফরম্যান্সের প্রশংসায় ভাসিয়ে মোদি বলেছেন আইপিএলে ‘টান টান উত্তেজনার’ ম্যাচে খেলার ফল পাচ্ছে ভারত। ‘ব্যাটে ধাওয়ান ও কোহলি, বলে শামি ও অশ্বিন। বিশ্বকাপে ভারতের নায়ক তো এঁরাই। এঁরা সবাই আবার আইপিএলের টান টান উত্তেজনার ম্যাচ খেলেই ক্রিকেটটা শিখেছে। ৬০ দিন বিশ্বসেরা খেলোয়াড়দের সঙ্গে খেলাটা শেখার বড় এক সুযোগ। বিশ্বসেরারা তো আর এমনিতেই আইপিএলে খেলার জন্য মুখিয়ে থাকেন না’—নিজের ওয়েবসাইটে লিখেছেন আইপিএলের সাবেক কমিশনার। ওয়ান ইন্ডিয়া নিউজ।