জয়ধারা অব্যাহত রাখতে চান মুশফিকরা

এশিয়া কাপে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সেই হার, অস্ট্রেলিয়ায় টানা চারটি প্রস্তুতি ম্যাচে পরাজয়—দুশ্চিন্তা না বেড়ে উপায় আছে! তবে মূল টুর্নামেন্ট–ছন্দটা ধরতে পেরেছে বাংলাদেশ দল। আফগানিস্তানকে হেসেখেলে উড়িয়ে মাশরাফি-মুশফিকরা যেন জানান দিলেন—আস্থা রাখুন আমাদের ওপর!
আজ শুরুটা খুব খারাপ না হলেও হঠাৎই ছন্দপতন। ৪৭ রানের ওপেনিং জুটির পর ৭২ রানের ব্যবধানে বাংলাদেশ হারাল ৪ উইকেট। এর পরই সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের দুর্দান্ত প্রতিরোধ। আফগান বোলারদের কাছে সাকিব-মুশফিক হয়ে গেলেন আফগানিস্তানের বড় পর্বত ‘নোশাখ’–এর মতো! দলের এ বিপর্যয়ে সাকিবকে নিয়ে ১১৪ রানের দারুণ এক জুটি গড়লেন মুশফিক। করলেন দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান।
ম্যাচসেরাও হয়েছেন মুশফিক। ম্যাচ শেষে বলেছেন, শুরুর ধাক্কাতে খুব একটা বিচলিত হননি, ‘আমার মনে হয়েছে রান পাওয়ার মতোই উইকেট ছিল এটি। সাকিবের সঙ্গে পরিকল্পনা করেছিলাম, ৪৫ থেকে ৪৮ ওভার পর্যন্ত খেলব। সেটি অনেকটাই বাস্তবায়ন করতে পেরেছি।’
মানুকা ওভালে এদিন উপস্থিত ছিলেন প্রায় ১০ হাজার দর্শক। বাংলাদেশকে উৎসাহ জোগাতে গ্যালারিতে উপস্থিত ছিলেন বহু বাংলাদেশি। মানুকা ওভাল যেন হয়ে উঠেছিল এক টুকরো বাংলাদেশ। ম্যাচ জয়ের পর তাই একটা চক্কর দিয়ে দর্শকদের ভালোবাসার প্রতিদান দিলেন সাকিবরা। বিশেষ ধন্যবাদ জানালেন মুশফিকও, ‘ধন্যবাদ দর্শকদের। গ্যালারিতে আমার বাবা-চাচাও ছিলেন। এটা আমার জন্য অন্য রকম মুহূর্ত। আশা করি, আমরা এ জয় ধারা ধরে রাখতে পারব।’
এ দিকে টুইটারে আইসিসির অফিশিয়াল পেজ থেকে নেওয়া একটি প্রশ্ন ছিল—আফগানিস্তানের যেহেতু হারানোর কিছু ছিল না। এ কারণে বাংলাদেশ কি এ ম্যাচে বেশি চাপে ছিল? এ প্রশ্নে অধিনায়ক মাশরাফির উত্তর, ‘এ ধরনের ম্যাচে চাপ থাকেই। তবে আমরা সেটা ভালোভাবেই উতরে গেছি।’
এমন চাপহীন, আত্মবিশ্বাসী দলই তো চান দর্শকেরা।