জয়া-সাঙ্গার 'সমাপ্তি'তে দিলশানের উপহার

এর চেয়ে দারুণ সমাপ্তি আর কী হতে পারে! ঘরের মাঠে আজ শেষ ওয়ানডে খেলে ফেললেন মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটি শ্রীলঙ্কার কাছে হয়ে উঠল জয়া-সাঙ্গার মধুর ‘সমাপ্তি’র দারুণ এক উপলক্ষ। জয়ার বলে শেষ ইংলিশ ব্যাটসম্যান জেমস ট্রেডওয়েলকে স্টাম্পিং করলেন সাঙ্গা! তুলের শেষ অাঁচড়টায় জড়িয়ে থাকলেন দুজনই। তবে দুজনের বিদায় দিনে নায়ক তিলকরত্নে দিলশান। এ ডানহাতির অলরাউন্ড নৈপুণ্যে শ্রীলঙ্কা ইংল্যান্ডকে হারাল ৮৭ রানে।
ম্যাচ শেষে লঙ্কান ক্রিকেটের দুই মহিরুহ মাঠ ঘুরে দর্শকদের ধন্যবাদ জানালেন। প্রেমাদাসায় উপস্থিত ২০ হাজার দর্শকও আবেগে-ভালোবাসায় বিদায় জানালেন জয়া-সাঙ্গাকে। প্লাকার্ডে কেউ লিখে আনলেন-‘গুড বাই টুইন-টাওয়ার’, কেউ বা লিখলেন, ‘ক্লাস নেভার রিটায়ারস’! ঠিকই তো, ধ্রুপদি খেলোয়াড়দের ‘বিদায়’ বলে কিছু থাকে?
১৯৯৮ সালের ২৪ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে এই মাঠে অভিষেক হয়েছিল জয়াবর্ধনের। সাঙ্গাকারার ২০০০ সালের ৫ জুলাই পাকিস্তানের বিপক্ষে, গলে। দুজনের অভিষেক ম্যাচেই শ্রীলঙ্কা জিতেছিল ৫ উইকেটে। দীর্ঘ যাত্রা শেষে ঘরের মাঠে শেষ ম্যাচ খেলে ফেললেন দুজনই। ইংল্যান্ডের বিপক্ষে এ ম্যাচে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস হয়তো চাচ্ছিলেন, শেষটা জয়ার হাতেই হোক। ইংলিশ ব্যাটসম্যান ট্রেডওয়েলের চাওয়া একই ছিল কি না কে জানে! ৪৪তম ওভারে ইংলিশদের শেষ উইকেট তুলে নিতে প্রায় অাট বছর পর ওয়ানডেতে বল করতে এলেন জয়াবর্ধনে। প্রথম ওভারে হলো না। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে হলো! উইকেট থেকে বেরিয়ে উড়িয়ে মারতে গিয়ে স্টাম্পিং হলেন ট্রেডওয়েল। অসাধারণ সমাপ্তি!
শ্রীলঙ্কার দেওয়া ৩০৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই দিক্ভ্রান্ত ইংলিশরা। ৭৮ রানেই হারাল ৫ উইকেট। এরপর ম্যাচে ফেরার চেয়ে ‘সম্মানজনক হার’ বোধ হয় বড় হয়ে উঠল ইংলিশদের কাছে। ষষ্ঠ উইকেট জুটিতে জস বাটলার ও জো রুটের করা ৪৮ রান ও ক্রিস ওকস-রুটের ৭ম উইকেট জুটিতে তোলা ৬৬ রান ব্যবধান কিছুটা কমাতে সহায়তা করল। শেষ ২৩ রানেই অ্যালিস্টার কুকের দলের পড়ল ৪ উইকেট। ইংল্যান্ড ৪৫.৫ ওভারে অলআউট ২১৫ রানে। ইংলিশদের পক্ষে রুট করেছেন সর্বোচ্চ ৮০ রান। তিলকরত্নে দিলশান ও সেকুগে প্রসন্ন নিলেন ৩টি করে উইকেট।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে দিলশানের সেঞ্চুরি, দিনেশ চান্ডিমাল ও থিসারা পেরেরা ঝোড়ো ফিফটিতে ৬ উইকেট ৩০২ রান করে শ্রীলঙ্কা। জয়া-সাঙ্গার ঘরের মাঠে বিদায় না হলে ম্যাচটা বলা যেত দিলশানেরই। ৩০০তম ম্যাচে খেললেন ১০১ রানের দারুণ এক ইনিংস। ঢুকে পড়লেন ওয়ানডের নয় হাজারি ক্লাবে। বল হাতে আবার নিলেন ৩ উইকেট! দিলশানকে তাই ম্যাচসেরা নির্বাচনে এতটুকু কষ্ট হওয়ার কথা নয় বিচারকদের!
সাত ম্যাচের সিরিজ শ্রীলঙ্কা জিতল ৫-২ ব্যবধানে।