জয়ে উজ্জ্বল জুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৭৭ রানের লক্ষ্য। পাল্লেকেলেতে ১৩ রানেই ২ উইকেট হারিয়ে ফেলার পর ম্যাচটাকে পাকিস্তানের মুঠোয় নিয়ে আসে শান মাসুদ-ইউনিস খানের ২৪২ রানের তৃতীয় উইকেট জুটি। টেস্টে চতুর্থ ইনিংসে সফল রান তাড়ায় এর চেয়ে বড় জুটি আছে মাত্র তিনটি। সর্বোচ্চ জুটিটি স্যার ডন ব্র্যাডম্যান ও আর্থার মরিসের ৩০১। ১৯৪৮ সালে হেডিংলিতে অস্ট্রেলিয়াকে ৪০৪ রানের লক্ষ্য দিয়েছিল ইংল্যান্ড। ৫৭ রানে প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে মরিস-ব্র্যাডম্যানের ওই জুটি। মরিস ১৮২ রানে আউট হলেও দলকে জিতিয়েই ড্রেসিংরুমে ফেরেন ব্র্যাডম্যান (১৭৩*)। টেস্টে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড হিসাবে ১৯৭৬ পর্যন্ত টিকে ছিল অস্ট্রেলিয়ার ইনিংসটি। চতুর্থ ইনিংসে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ জুটি ২৮৭ ও ২৫১ রানের। ১৯৮৪ সালে লর্ডসে প্রথমটির অংশীদার ছিলেন ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ ও ল্যারি গোমস। দ্বিতীয়টির অস্ট্রেলিয়ার গ্রায়েম উড-ক্রেগ সার্জেন্ট, ১৯৭৮ সালে জর্জটাউনে।