জয়ে ফিরল রূপগঞ্জ-শেখ জামাল

টানা চার ম্যাচে হার। সঙ্গে মাঠের বাইরের বিতর্ক-বিসম্বাদেই শিরোনাম ছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। পরশু দলটির মালিক আজীবন নিষেধাজ্ঞা পেলেন বাংলাদেশের ক্রিকেট থেকে। খাদে পড়া সেই দলটিই কাল জয়ে ফিরল কুয়াশাঘেরা একদিনে। সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে ফতুল্লায় সংক্ষিপ্ত হয়ে যাওয়া ম্যাচে প্রাইম দোলেশ্বরকে ২৮ রানে হারিয়েছে রূপগঞ্জ। টানা চার ম্যাচ হারের পর জয় পেয়েছে কাল শেখ জামালও। মোহামেডান পেয়েছে টানা তৃতীয় জয়।
ফতুল্লায় সূর্যের দেখা পেয়ে ম্যাচ শুরু করতে করতে বেজে যায় দুপুর ১২টা। ততক্ষণে ম্যাচ হয়ে গেছে ৩১ ওভারের। প্রথম ১৫ ওভারে জহুরুল ও জুনায়েদের উইকেট হারিয়ে ৬৬ রান, টস জিতে ব্যাট নেওয়া রূপগঞ্জের শুরুটা সাবধানীই ছিল। এর পরই তাদের মারকাটারি ব্যাটিংয়ের শুরু। রনি তালুকদারের করা ১৬তম ওভারে ১৭ রান নিয়ে ঝড়টা শুরু করেন এবারের লিগে প্রথম খেলতে নামা তামিম ইকবাল ও আসহার জাইদি। শেষ ১৫ ওভারে ১৪৫ রান তোলা দলটির হয়ে ৪১ বলে সর্বোচ্চ ৪৭ রান পাকিস্তানি ব্যাটসম্যান আসহারের। ৪৮ বলে ৩ চার ও ২ ছয়ে ৪৫ রান তামিমের। এরপর অলক কাপালি ২১ বলে ২৩, সাকিব ১৮ বলে ৩০ (৫ চার), নাজমুল মিলন ১২ বলে ৩৫ রান (১ চার, ৪ ছয়) করেন।
ব্যাটিংয়ের পর বোলিংয়েও সেরা সাকিবকে দেখেছে ফতুল্লা। ঘরোয়া লিস্ট ‘এ’ ম্যাচে প্রথমবারের মতো ৪ উইকেট নিয়ে রূপগঞ্জের সেরা বোলার এই বাঁহাতি স্পিনারই। ২২তম ওভারে পরপর ২ বলে প্রতিপক্ষ অধিনায়ক মুশফিকুর রহিম ও আসিফ আহমেদকে আউট করেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে আসেন সাকিব। বোল্ড হওয়ার আগে ২ চার ও ২ ছয়ে ২১ বলে ৩২ রান করেছিলেন মুশফিক।
মিরপুরে ২৭ রানে ৫ উইকেট নিয়েছেন সোহাগ গাজী। বিশ্বকাপের প্রাথমিক দলেও জায়গা না পাওয়া অফ স্পিনারের ক্যারিয়ারসেরা বোলিংয়েই ৪৫ ওভারের ম্যাচে তাঁর দল শেখ জামাল ৬ উইকেটে হারিয়েছে ওল্ড ডিওএইচএসকে। ওল্ড ডিওএইচএস হারল টানা ১০ ম্যাচেই।
বিকেএসপিতে হয়েছে ৩৬ ওভারের ম্যাচ। দুই পেসার আলাউদ্দিন বাবু (৪/২৭) ও মাশরাফি বিন মুর্তজার (৩/৩০) বোলিংয়ে পারটেক্সকে ১৭৫ রানে আটকে রাখে মোহামেডান। দুই ওপেনারের ফিফটিতে ৩ ওভার ও ৭ উইকেট হাতে রেখেই জিতে যায় মোহামেডান।
সংক্ষিপ্ত স্কোর
লিজেন্ডস অব রূপগঞ্জ-প্রাইম দোলেশ্বর, ফতুল্লা
রূপগঞ্জ: ৩০.১ ওভারে ২১১ (আসহার ৪৭, তামিম ৪৫, মিলন ৩৫, সাকিব ৩০, অলক ২৩, জুনায়েদ ২১; ইলিয়াস ৩/২৯, দেলোয়ার ২/২২, সানজামুল ২/২৪, মুক্তার ২/৪৫)। দোলেশ্বর: ৩০ ওভারে ১৮৩ (ম্যালান ৫৩, মুশফিক ৩২, মিজানুর ২৬, ইলিয়াস ২৫*; সাকিব ৪/২৭, শহীদ ৩/২৮)।
ফল: রূপগঞ্জ ২৮ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সাকিব আল হাসান।
মোহামেডান-পারটেক্স, বিকেএসপি
পারটেক্স: ৩৬ ওভারে ১৭৫/৮ (রাজিন ৮২, আব্বাস ৩৫; আলাউদ্দিন ৪/২৭, মাশরাফি ৩/৩০)। মোহামেডান: ৩৩ ওভারে ১৭৭/৩ (এজাজ ৫৯, তানভীর ৫৬, নাঈম ৩১*; রাজীবুল ১/২৫)।
ফল: মোহামেডান ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: আলাউদ্দিন বাবু।
শেখ জামাল ধানমন্ডি-ওল্ড ডিওএইচএস, মিরপুর
ওল্ড ডিওএইচএস: ৪৫ ওভারে ১৫৫/৯ (জয়রাজ ৬১, রুবেল মিয়া ২৩; সোহাগ ৫/২৭)। শেখ জামাল: ৪২.২ ওভারে ১৫৮/৪ (মাইশুকুর ৮৩, আরাফাত সানি জু. ৪৪*; সঞ্জিত ২/২১)।
ফল: শেখ জামাল ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মাইশুকুর রহমান।