মিলার, তাহির, ফিল্যান্ডার ও বেহারডিয়েনকে আলাদা করে ধন্যবাদ দেওয়া উচিত জর্জ বেইলির। এঁদের যে কেউ ক্যাচটা ধরে ফেলতে পারলে তো তাঁর রান ৭০ হয় না। অস্ট্রেলিয়ারও তখন ৩০০ রান হয় না, দক্ষিণ আফ্রিকাও হয়তো তখন ৩২ রানে ম্যাচটা হারে না! কাল পার্থে জয় দিয়ে সিরিজ শুরু করার জন্য বেইলি নিজে অবশ্য ধন্যবাদ দেবেন সতীর্থ নাথান কোল্টার-নাইলকে, ৪ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার গুঁড়িয়ে দিয়েছেন এই পেসার।
অবশ্য এবি ডি ভিলিয়ার্স যতক্ষণ উইকেটে ছিলেন, দক্ষিণ আফ্রিকার জয়টা খুবই সম্ভব মনে হচ্ছিল। রানআউট হয়ে ডি ভিলিয়ার্স যখন সেঞ্চুরি থেকে ২০ রান দূরে থেমে গেছেন, দক্ষিণ আফ্রিকার ১০ ওভার ১ বলে তখন দরকার ৮৬ রান। শেষ পর্যন্ত মরকেল-তাহিররা শুধু ব্যবধানই কমাতে পেরেছেন।
তার আগে ওয়ার্নার-ফিঞ্চ ৯৪ রানের ভালো শুরু এনে দিলেও অস্ট্রেলিয়া এরপর ৫০ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলেছিল। বেইলির সঙ্গে ওয়েড-ম্যাক্সওয়েল শেষ পর্যন্ত বড় রান এনে দিয়েছেন স্বাগতিকদের। তবে অস্ট্রেলিয়ার জন্য দুঃসংবাদ, হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে কাল ব্যাটিংয়ের পরই মাঠের বাইরে চলে গেছেন মাইকেল ক্লার্ক। পরে আর নামতেই পারেননি, বেইলিই অধিনায়কের কাজ চালিয়েছেন। গত ছয় সপ্তাহে তৃতীয়বারের মতো হ্যামস্ট্রিংয়ে চোট পেলেন ক্লার্ক। স্টার স্পোর্টস, ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ৩০০/৮ (ওয়ার্নার ৪৬, ফিঞ্চ ৩৫, ওয়াটসন ১৩, ক্লার্ক ১১, বেইলি ৭০, মার্শ ১০, ওয়েড ৩৫, ম্যাক্সওয়েল ২৯, জনসন ১৩*, কোল্টার-নাইল ৯*; স্টেইন ২/৬২, ফিল্যান্ডার ৪/৪৫, মরকেল ১/৫৬, ম্যাকলারেন ০/৬৩, তাহির ১/৫৪, বেহারডিয়েন ০/৫)।
দক্ষিণ আফ্রিকা: ৪৮.১ ওভারে ২৬৮ (আমলা ৮, ডি কক ২, ডু প্লেসি ৩১, বেহারডিয়েন ২০, ডি ভিলিয়ার্স ৮০, মিলার ৬৫, ম্যাকলারেন ০, ফিল্যান্ডার ১, স্টেইন ৬, মরকেল ২২*, তাহির ২২; জনসন ২/৩২, হ্যাজলউড ১/৫০, কোল্টার-নাইল ৪/৪৮, মার্শ ০/৫০, ওয়াটসন ১/৪৮, ম্যাক্সওয়েল ১/৩২)।
ফল : অস্ট্রেলিয়া ৩২ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : কোল্টার-নাইল।