একটি প্রস্তুতি ম্যাচ, তিন ওয়ানডে, তারপর একমাত্র টি-টোয়েন্টি। জয়ের স্বাদ কেমন বাংলাদেশে এসে যেন ভুলতেই বসেছিল পাকিস্তান। খুলনা টেস্টে জয়ের সুবাস পেতে পেতেও পাওয়া হয়নি। বাংলাদেশ দলের ঘুরে দাঁড়ানোর গল্প লিখে ওই টেস্টটা শেষ পর্যন্ত ড্র। পাকিস্তানের সেই কাঙ্ক্ষিত জয় অবশেষে এল ঢাকা টেস্টে।
অনেক সাধনার বলেই এই জয়ের মাহাত্ম্যও অন্য রকম পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হকের কাছে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অকপটে স্বীকারও করলেন, ‘এ জয়টা আমাদের জন্য খুবই দরকার ছিল। প্রথম টেস্টে ড্র কিন্তু বাংলাদেশের জন্য জয়ই। ওই টেস্টে না জিততে পেরে আমরা হতাশ ছিলাম। এখানে যেভাবে জিতেছি, তাতে আমি সন্তুষ্ট।’
ম্যাচোত্তর সংবাদ সম্মেলনেও পাকিস্তান অধিনায়ককে লাগল বেশ ঝলমলে। এ জয়টা শেষ পর্যন্ত মুখরক্ষা করল কি না—হলো এমন প্রশ্নও। মিসবাহ ব্যাখ্যা করলেন অন্য দুই ধরনের ক্রিকেটের সঙ্গে টেস্টে তাঁর দলের পার্থক্য, ‘আমার মনে হয় না এটা মুখরক্ষার জয়। কিছু বাস্তবতা মাথায় রাখতে হবে। আমাদের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। ওই দুই ফরম্যাটে বাংলাদেশ আমাদের চেয়ে অভিজ্ঞ। সুতরাং, তারাই আমাদের চেয়ে এগিয়ে ছিল এবং যোগ্য দল হিসেবেই জিতেছে। টেস্টে এসে পরিস্থিতিটা বদলে গেছে। এখানে আমরা ওদের চেয়ে অভিজ্ঞ দল। এই ফরম্যাটে আমরা ভালো ক্রিকেট খেলছিলাম এবং সেটাই আরও একবার প্রমাণ করেছি।’
দুদিন হাতে থাকার পর ঠিক যেভাবে ব্যাটিং করা উচিত ছিল, সেটি করতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। মিসবাহ অবশ্য বেশি বললেন নিজেদের কৌশল সফলভাবে বাস্তবায়নের কথাই, ‘এটাই আমাদের পরিকল্পনা ছিল। তাই আমরা ফলোঅন করাইনি। ওদের ম্যাচ থেকে ছিটকে ফেলতে চেয়েছি। আপনি যখন দেখবেন চতুর্থ ও পঞ্চম দিনের উইকেটে ১৮০-১৯০ ওভারের মতো ব্যাটিং করতে হবে এবং সাড়ে পাঁচ শ রানের বিশাল লক্ষ্য, কাজটা কিন্তু মোটেও সহজ নয়। কিছুদিন আগে দুবাই ও আবুধাবিতে আমাদের বিপক্ষে অস্ট্রেলিয়ারও একই অবস্থা হয়েছে।’
মিসবাহ বাংলাদেশ দলের সমালোচনা করেননি। তবে পুরো টেস্টে বাংলাদেশের রক্ষণাত্মক মানসিকতায় একটু বিস্মিতই ওয়াকার ইউনিস। পাকিস্তান কোচ ম্যাচের পর সাংবাদিকদের বলছিলেন, ‘দেখুন, আমি সমালোচনা করছি না, কারণ ওরা সম্প্রতি ভালো ক্রিকেট খেলেছে। কিন্তু টেস্টটা শুরু হতেই রক্ষণাত্মক হয়ে গিয়ে ওরা নিজেদের ব্যাকফুটে নিয়ে গেছে। আমার মনে হয় ওরা ঠিক জেতার জন্য টেস্টটা খেলেনি। ড্র করতে চেয়েছিল আর এ কারণেই পিছিয়ে পড়েছে।’
এই টেস্টে বাংলাদেশের রক্ষণাত্মক মানসিকতার সমালোচক হলেও পুরো সফরে মুশফিকদের পারফরম্যান্সে খুবই মুগ্ধ ওয়াকার। ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে যাওয়া সেই ম্যাচে পাকিস্তানের হয়ে খেলেছিলেন সাবেক এই ফাস্ট বোলার। এবার কোচ হিসেবে বাংলাদেশকে দেখার অভিজ্ঞতা জানালেন এভাবে, ‘ওই দলের চেয়ে বাংলাদেশের এই দলটা অনেক ভালো, অনেক শক্তিশালী। এরা অনেক পরিকল্পনা করে খেলে বলে আমার মনে হয়। আমাকে অবশ্য আগে আমার নিজের খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়ন করতে বসতে হবে।’
তা হয়তো করবেন। তবে বলতে ভুললেন না, ‘বাংলাদেশের কথা যদি বলি, তামিম পুরো সিরিজে অসাধারণ খেলেছে। সাকিব সবচেয়ে অভিজ্ঞ ও ভালো ভূমিকা রেখেছে। সৌম্য বিশেষ করে ওয়ানডেতে মুগ্ধ করেছে, ও দারুণ প্রতিভাবান। আমার মনে হয় মাশরাফিকে কৃতিত্ব দিতে হবে ওয়ানডে দলটাকে দারুণভাবে অনুপ্রাণিত করার জন্য। ও যেভাবে নিজের পরিকল্পনা বাস্তবায়ন করেছে, তা মুগ্ধ হওয়ার মতো। দারুণ নেতৃত্ব দিয়েছে।’