জয়ের আনন্দেও সঙ্গী 'লজ্জা'র রেকর্ড

জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে ‘ডাকে’র হ্যাটট্রিক গড়ল বাংলাদেশ! লক্ষ্য মাত্র ১০১। এ রান তুলতে শুরুতেই টালমাটাল মুশফিকুর রহিমের দল। দলীয় স্কোরে কোনো রান যোগ না হতেই ফিরে গেলেন প্রথম তিন ব্যাটসম্যান তামিম ইকবাল, শামসুর রহমান ও মুমিনুল হক। স্মরণীয় এ জয়ের দিনে বাংলাদেশের সঙ্গী হলো ‘লজ্জা’র রেকর্ড।
এক ইনিংসে কোনো রান না তুলতেই পরপর তিন উইকেটের পতন অর্থাৎ শুরুতেই ডাকের হ্যাটট্রিক টেস্ট ইতিহাসে আগে ঘটেছে দুবার। সর্বশেষ এমনটা ঘটে ১৯৫২ সালে। লিডস টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের প্রথম তিন ব্যাটসম্যান ফিরেছিলেন কোনো রান না করেই। এর আগে ১৮৮৮ সালের আগস্টে ওল্ড ট্রাফোর্ড টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে কোনো রান না করে ফিরেছিলেন অস্ট্রেলিয়ার প্রথম তিন ব্যাটসম্যান।
বাংলাদেশের তিন ব্যাটসম্যান ‘ডাক’ উপহার দেওয়ায় আরেকটি রেকর্ডও সঙ্গী হয়েছে বাংলাদেশের। ইনিংসে এক রান না তুলতেই তিন উইকেটের পতন—এমন ঘটনা এর আগে ঘটেছে পাঁচবার। সর্বশেষ এই রেকর্ডটি ছিল পাকিস্তানের। ২০০৬ সালে জানুয়ারিতে ভারতের বিপক্ষে করাচি টেস্টে স্কোরবোর্ডে কোনো রান না তুলতেই পাকিস্তান হারিয়েছিল প্রথম ৩ উইকেট। দলীয় রানের খাতা খোলে ফয়সাল ইকবাল ও ইমরান ফরহাতের চতুর্থ উইকেট জুটি।
বাংলাদেশের ব্যাটসম্যানরা হতাশার রেকর্ড উপহার দিলেও বোলাররা গড়েছেন দারুণ কিছু রেকর্ড । এক টেস্টে বাঁহাতি স্পিনারদের এমন দাপট আগে দেখা গেছে মাত্র একবার। ১৯৩৪ সালের ফেব্রুয়ারিতে মাদ্রাজে ভারতের বিপক্ষে ইংলিশ বাঁহাতি স্পিনাররা নিয়েছিলেন ১৭ উইকেট। আজ জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দুই বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও সাকিব আল হাসান নিলেন মোট ১৬ উইকেট। সূত্র: ক্রিকইনফো।