জয়ের আশা নিয়েই সূর্য উঠেছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থারাঙ্গাকে বোল্ড করে দিনের শুরুতেই আঘাত হানলেন মিরাজ। তাঁকে বুকে টেনে নিলেন অধিনায়ক মুশফিক। অভিনন্দন জানাতে ছুটে এলেন সতীর্থরাও। কাল কলম্বোর পি সারায় l ছবি: এএফপি
থারাঙ্গাকে বোল্ড করে দিনের শুরুতেই আঘাত হানলেন মিরাজ। তাঁকে বুকে টেনে নিলেন অধিনায়ক মুশফিক। অভিনন্দন জানাতে ছুটে এলেন সতীর্থরাও। কাল কলম্বোর পি সারায় l ছবি: এএফপি

চুপি চুপি ভাঙা গলায় মুঠোফোনে কথা বলছিলেন উপুল থারাঙ্গা। দিনেশ চান্ডিমালকেও কি একটু উদ্‌ভ্রান্ত দেখাল? সময়—দিনের খেলা শেষে, যখন শেষ রোদ্দুরটুকু মাঠের গায়ে জড়িয়ে আছে কোনোক্রমে। ঘটনা—শ্রীলঙ্কার ড্রেসিংরুমের বাইরে।

ঠিক এর আগে বাংলাদেশ দলের মোসাদ্দেক হোসেন এবং শ্রীলঙ্কার দিমুথ করুনারত্নে একটু জড়ানো গলায় কথা বলে গেলেন সংবাদ সম্মেলনে। জয়ের জায়গায় আছে যাঁর যাঁর দল—দাবি দুজনেরই। করুনারত্নের গলাটা ম্রিয়মাণ। নিচু স্বরে কথা বললেও মোসাদ্দেকের কণ্ঠে দৃঢ়তা।

সংবাদ সম্মেলনটা হয় সাথি কুমারাস্বামী স্ট্যান্ডের নিচের ঘরে। সেখানকার দেয়ালঘড়ির পেন্ডুলামটা কিন্তু দুলছে। টিক, টিক!

কাল চতুর্থ দিনে শ্রীলঙ্কা খেলা শেষ করেছে ৮ উইকেটে ২৬৮ রানে। ১৩৯ রানের লিড। বাকি দুই উইকেট নিয়ে কতটা পথ আর এগোবে তারা? ২০ রান, ৩০ রান, ৪০ রান? এর বেশিটা আর ভাবতে পারছে না মুশফিকুর রহিমের দল। মোসাদ্দেক যেমন বলে গেলেন, ওদের থামিয়ে দিতে চান ১৬০-এর লিডে। নিজের পঞ্চম টেস্ট সেঞ্চুরি করে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের নায়ক করুনারত্নে বললেন, ২০০ বা ২২০-এর মতো লক্ষ্য দিতে চান প্রতিপক্ষকে। বাংলাদেশ একটু এগিয়ে থেকেই শেষ দিনের ‘যুদ্ধে’ নামবে বটে, তবে সত্যিটা হলো ম্যাচে বিরাজ করছে পেন্ডুলাম পরিস্থিতি। টিক, টিক! কী হয়! কী হয়!

এ ক্ষেত্রে ক্রিকেট-বিধাতার উচিত, যে দলটি সেরা ক্রিকেট খেলেছে চার দিন ধরে, যাদের মধ্যে জয়ের আকুতিটা বাজছে তীব্রভাবে, তাদের দিকেই হেলে পড়া। সেই দলটি বাংলাদেশ। মাঠটাকে ঢেকে রেখেছে ধূসর এবং নীলচে রঙের কভার। চমৎকার প্রচ্ছদপট। এই প্রচ্ছদে বাংলাদেশের জয়ের ছবিটাকেই সবচেয়ে মানানসই মনে হচ্ছে চতুর্থ দিনের গোধূলিতে। পি সারার অতীত জানাচ্ছে, এখানে চতুর্থ ইনিংসে ৩৫২ রান করেও জয় আছে। জয়ী সেই দল যদিও শ্রীলঙ্কা।

বাংলাদেশ জয়ের ছবিটা আঁকতে পারছে দুজনের বোলিংয়ের কল্যাণে। মোসাদ্দেক যাঁকে বিশ্বের সেরা বাঁহাতি পেসার মনে করেন সেই মোস্তাফিজ, আর যাঁকে সব সময়ই সেরা মনে করেন সেই সাকিব আল হাসান।

৫৪ রানে দিন শুরু করা শ্রীলঙ্কা ৫৭ রানেই তাদের প্রথম উইকেট হারায় মিরাজের বলে, যেটি সব অফ স্পিনারের স্বপ্নের এক ডেলিভারি। কিন্তু তাতে কী, শ্রীলঙ্কা দমল কোথায়? রানের চাকা ঘুরিয়ে গেল লাঞ্চ পর্যন্ত। ওপেনার দিমুথ করুনারত্নে অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে কুশল মেন্ডিসকে নিয়ে যোগ করলেন ৮০ রান। লাঞ্চ করতে যাওয়ার মুখে মুশফিকদের মুখগুলো কেমন যেন নিরালোক দেখাচ্ছিল। তাঁরা চেয়েছিলেন প্রথম সেশনে একাধিক উইকেট তুলে নিতে। সেটি তো হলোই না, আরও রানের বোঝা মাথায় চেপে বসার জোগাড়। লাঞ্চের পর ক্লাব হাউস প্রান্ত থেকে রাউন্ড দ্য উইকেটে বল করতে এসেই অগ্নিমূর্তি মোস্তাফিজের। ৪৫তম ওভারের শেষ বলে ব্যাটের বাইরের কানা ছুঁয়ে মেন্ডিস ক্যাচ দিলেন মুশফিকের হাতে। যদিও সিদ্ধান্তটিকে পক্ষে আনতে রিভিউ নিতে হয়েছে বাংলাদেশ অধিনায়ককে। এরপর শ্রীলঙ্কানদের ২২ রানের সতর্কতা পর্ব। আবারও মোস্তাফিজই সেই সতর্কযাত্রায় ছেদ টানেন। এবার দিনেশ চান্ডিমাল অফ স্টাম্পের বাইরে তাঁর বাঁক খাওয়া বলে কাট করতে গিয়ে মুশফিকের অসাধারণ ক্যাচের শিকার।

এর পর আসেলা গুনারত্নেকে দারুণ এক লেংথ বলে এলবিডব্লু করেছেন সাকিব। পরের ওভারেই ওরকম ফণা তোলা বল, এবার শূন্য রানে বিদায় ধনঞ্জয়া ডি সিলভার। ২ উইকেটে ১৪৩ থেকে শ্রীলঙ্কা মুহূর্তেই ৫ উইকেটে ১৭৭। কাটারে বিভ্রান্ত করার এই স্পেলে ৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজ, বোলিং বিশ্লেষণ ৭-১-২৪-৩।

একদিকে মোস্তাফিজ আগুন ঝরিয়েছেন, আরেক দিকে সাকিব টার্ন আদায় করে উইকেট তুলেছেন। চা-বিরতির আগে প্যাডল সুইপ করতে যাওয়া নিরোশান ডিকভেলাকে মুশফিকের হাতের ক্যাচ বানিয়ে শ্রীলঙ্কাকে পরিণত করেন ৬ উইকেটে ১৯০। এই উইকেটের সঙ্গেই জড়িয়ে থাকল মুশফিকের এক কীর্তি—তাঁর শততম ডিসমিসাল। লাঞ্চের পর থেকে চা-বিরতি পর্যন্ত ৬২ রান তুলতেই ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা। ২৫ রানে যার শেষ ৪টি।

কিন্তু সেঞ্চুরি করে ফেলা করুনারত্নে নতুন ব্যাটসম্যান দিলরুয়ান পেরেরাকে নিয়ে যেন খুঁটি গেড়ে বসতে চাইছিলেন। কিছুতেই ভাঙা যাচ্ছিল না জুটি। আবারও সহায় সাকিব। ১২৬ রান করে করুনারত্নে আউট, স্লিপে ক্যাচ নিলেন সৌম্য। সাকিবের তৃতীয় উইকেটটিই শ্রীলঙ্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেট। সাকিবের উল্লাসের মধ্যেও কোথায় যেন ছিল মনের বদ্ধ দুয়ারগুলো ভেঙে ফেলার আনন্দ।

৭ উইকেট যাওয়ার পরও শ্রীলঙ্কা কীভাবে যেন দাঁড়িয়ে যায়। প্রথম ইনিংসই সেটির বড় প্রমাণ। হেরাথ দাঁড়িয়ে যাচ্ছিলেন আবার, একবার রিভিউ নিয়ে বেঁচে গেলেন। কিন্তু ৯২তম ওভারের দ্বিতীয় বলে তাইজুলের এলবিডব্লুর আবেদনে রিভিউ নিয়েও আর তাঁর রক্ষা হয়নি। শ্রীলঙ্কা তখন ৮ উইকেটে ২৩৮। এরপরও দিনের খেলা ছিল ৮ ওভার, ভাঙা যায়নি তাদের নবম উইকেট জুটি। একেবারে শিকড় গেড়ে বসে আছেন দিলরুয়ান পেরেরা। ১২৬ বলে অপরাজিত ২৬ রানে, তাঁর সঙ্গী সুরঙ্গা লাকমল ১৭ বলে অপরাজিত ১৬ রানে। ১০০ ওভারে শ্রীলঙ্কা ৮ উইকেটে ২৬৮, লিড ১৩৯।

দিনের শেষ বলটি খেলেছিলেন লাকমল। বোলার মোসাদ্দেক। ফরোয়ার্ড শর্ট লেগে ক্যাচ হাতেও জমিয়েছিলেন সাব্বির। উল্লসিত গোটা দল। আম্পায়ার আলিম দার মাথা ওপরে-নিচে ঝাঁকিয়েও খানিক পরে অবিচলিত! হকচকিত মুশফিক রিভিউ নিয়েছিলেন, কিন্তু তৃতীয় আম্পায়ার মারাইস ইরাসমাস সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। নটআউট লাকমল! একেবারেই অন্তিম মুহূর্তের এই নাটক মুশফিকদের মনে মেঘ একটু জমিয়েছে। তবে সব মেঘ, সব অনিশ্চয়তা সরিয়ে তীব্রতম আলোয় উদ্ভাসিত হওয়ার প্রস্তুতিই হয়তো নিচ্ছেন মুশফিকরা। আলোটা শততম টেস্ট জয়ের গৌরবের।