জয়ের দেখা পেল ভারত

ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে নাস্তানুবাদ হওয়ার পর ওয়ানডেতে জয়ের দেখা পেল ভারত। কার্ডিফে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৩৩ রানের জয় পেল মহেন্দ্র সিং ধোনির দল। এ জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
বৃষ্টির কারণে কিছুটা দেরি হওয়ায় ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়াল ৪৭ ওভারে ২৯৫। টেস্ট সিরিজে ফর্মে থাকা ইংলিশ ব্যাটসম্যানরা তেমন সুবিধা করতে পারলেন না আজ। তবে ইংলিশদের শুরুটা বেশ ভালোই হয়েছিল। অ্যালিস্টার কুক ও অ্যালেক্স হেলসের উদ্বোধনী জুটিতে এল ৫৪। এরপর ৩১ রানের মধ্যে ‘হাওয়া’ হয়ে গেল ৫ উইকেট! সেই যে উইকেট পতনের মিছিল শুরু, ইংলিশরা আর কোমর সোজা করে দাঁড়াতেই পারল না। ধুঁকতে থাকা ইনিংসটা থামল ১৬১ রানে। সর্বোচ্চ ৪০ এল হেলসের ব্যাট থেকে। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল রবীন্দ্র জাদেজা। নিয়েছেন ৪ উইকেট।
এর আগে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান ইংলিশ অধিনায়ক। ১৯ রানেই ফিরে গেলেন শিখর ধাওয়ান ও বিরাট কোহলি। টেস্ট সিরিজের পর ওয়ানডেতেও ব্যর্থ বিরাট কোহলি। ফিরেছেন কোনো রান না করেই।
টেস্ট সিরিজে ঠাঁই না পেলেও ওয়ানডে সিরিজে ফিরেই মাত করেছেন সুরেশ রায়না! আজ কার্ডিফে ৭৫ বলে পেয়েছেন দারুণ এক সেঞ্চুরি। দলীয় ১৯ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ফিরে দলকে বিপদের মুখে ঠেলে দিয়েছিলেন কোহলি। সেখান থেকে মূলত রায়নার সেঞ্চুরির কারণেই চ্যালেঞ্জিং স্কোর পেয়েছে ভারত। মহেন্দ্র সিং ধোনির সঙ্গে পঞ্চম উইকেট জুটিতে তুলেছেন ১৪৪ রান। রায়নার দিনে ফিফটি পেয়েছেন রোহিত শর্মা ও ধোনি। দুজনই করেছেন ৫২। নির্ধারিত ৫০ ওভারে ভারতের সংগ্রহ দাঁড়াল ৬ উইকেটে ৩০৪। ইংলিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল ক্রিস ওকস। নিয়েছেন ৪ উইকেট।