বিকেএসপিতে কাল শেখ জামাল ধানমন্ডির দেওয়া ১৮৪ রান তাড়া করতে নেমে স্বভাবসুলভ স্ট্রোক প্লেতে মুগ্ধ করছিলেন সৌম্য সরকার। সোহাগ গাজী-মাসুদ রানাকে যেভাবে সীমানাছাড়া করছিলেন, দিনটি লিজেন্ডস অব রূপগঞ্জের বাঁহাতি ওপেনারের হতেই পারত।
সেই সম্ভাবনার অপমৃত্যু ঘটল আম্পায়ার রফিকুল ইসলাম জনের এক বিতর্কিত সিদ্ধান্তে। ১৪ বলে ২৯ রান করে মাহমুদউল্লাহর বলে এলবিডব্লু হলেন সৌম্য। আম্পায়ারের এই সিদ্ধান্ত কিছুতেই মানতে পারছিলেন না বাঁহাতি ওপেনার। রেগেমেগে ছুড়ে মারলেন ব্যাট-গ্লাভস। ড্রেসিংরুমে ফিরেও শান্ত হতে পারেননি। অভিযোগ করতে ছুটলেন ম্যাচ রেফারি বেলায়েত হোসেনের কাছে। সৌম্যর এলবিডব্লু নিয়ে উত্তেজনা ছড়াল রূপগঞ্জের সমর্থকদের মধ্যেও। একটা সময় পুলিশ আসে মাঠে। আম্পায়ারের সিদ্ধান্তে এমন প্রতিক্রিয়া দেখানোয় ম্যাচ শেষে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে সৌম্যকে।
রূপগঞ্জের আরেক ওপেনার জহিরুল ইসলামের এলবিডব্লু সিদ্ধান্ত নিয়েও বিতর্ক হয়েছে। রূপগঞ্জের যে তিনটি উইকেট পড়েছে, সব কটিই এলবিডব্লু। ৪৬ রানে ২ উইকেট পড়লেও নাহিদ ইসলাম ও জুনায়েদ সিদ্দিকীর অসাধারণ ব্যাটিং-নৈপুণ্যে ছোট লক্ষ্য তাড়া করতে খুব একটা সমস্যা হয়নি রূপগঞ্জের। তৃতীয় উইকেট জুটিতে দুজন যোগ করেন ১২৫ রান। খুব সতর্ক থেকে ৯২ রানের নিখুঁত এক ইনিংস খেলেছেন নাহিদ।
কাল ভীষণ চাপের মধ্যেই খেলতে হয়েছে রূপগঞ্জকে। সুপার লিগে উঠতে হলে ম্যাচটি জিততেই হতো তাদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক মোশাররফ হোসেন। ১ ম্যাচের নিষেধাজ্ঞার কারণে অধিনায়কের মতো একাদশের বাইরে ছিলেন উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনও। এর মধ্যে আবার আম্পায়ারিং নিয়ে উঠেছে প্রশ্ন।
স্বস্তির জয়ে রূপগঞ্জের খেলোয়াড়দের মনে খুশির ঢেউ খেললেও সৌম্যর মুখটা মলিনই দেখাল। রানখরায় ভুগতে থাকা বাংলাদেশ দলের বাঁহাতি ওপেনার ২২ গজে বেশ ‘মুডে’ই ছিলেন। তবে শেষ পর্যন্ত তাঁকে গুনতে হলো জরিমানা।