নেট থেকে ফেরার পথে সাংবাদিকদের জটলা দেখে থেমে গেলেন সাকিব আল হাসান। তাউরাঙ্গা সৈকত নিয়ে কথা বলতে গিয়েই জানতে পারলেন, তিনি যে বে ওভালে দাঁড়িয়ে আছেন সেটি আসলে তাউরাঙ্গার মধ্যেই পড়ে না। এই মাঠ মাউন্ট মঙ্গানুইয়ে। সাকিবের বিস্ময়ের ঘোর কাটতে না-কাটতেই কয়েক গজ দূর থেকে মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের ডাক, ‘এই তামিম...।’
সাংবাদিকেরা হেসে ওঠে ভুল ধরিয়ে দিলেন। মিডিয়া ম্যানেজার হেলমেটে মুখ ঢেকে থাকা যাকে ‘তামিম’ ভেবে ডাকছেন তিনি আসলে সাকিব। তবে সাকিব মজা করে এই বিভ্রমের অন্য ব্যাখ্যা দিলেন, ‘আসলে আমাকে উনি আপনাদের (সাংবাদিক) সঙ্গে কথা বলতে কম দেখেন তো, তাই ভাবছেন তামিম।’
তাউরাঙ্গা-মাউন্ট মঙ্গানুই, টেস্ট-টি-টোয়েন্টি, ২২ জন-১৭ জন। সব মিলিয়েই এখানে এখন জট পাকানো অবস্থা। বাংলাদেশ দল আছে তাউরাঙ্গার ট্রিনিটি ওয়ার্ফ হোটেলে। আর আজ ও পরশু সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে তাউরাঙ্গার যমজ শহর মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে। গাড়িতে যেতে মাত্র ১৫-২০ মিনিট সময় লাগে। কখন যে তাউরাঙ্গা পেরিয়ে গাড়ি মাউন্ট মঙ্গানুইয়ে ঢুকে যায়, সেটি টেরই পাওয়া যায় না। পারিপার্শ্বিকতায় এত মিল যে, নতুন নতুন এলে এক শহরের সৈকতে দাঁড়িয়েও মনে হবে অন্য শহরের সাগর দেখছেন।
কোথায় আছেন তা বুঝতে গুগল ম্যাপের বাইরে সহজতম উপায় হলো পাহাড়-দর্শন। তাউরাঙ্গা থেকে যে পাহাড়টি একটু ছোট আকারে দেখা যায়, সেটি দৃষ্টিসীমায় বড় হয়ে ফুটে উঠলেই বুঝবেন, আপনি মাউন্ট মঙ্গানুইয়ে পৌঁছে গেছেন। প্রশান্ত মহাসাগর-বেষ্টিত এই ‘দ্য মাউন্ট’ পর্বতের নামেই শহরের নাম হয়েছে মাউন্ট মঙ্গানুই।
দুই শহরের গোলকধাঁধায় পড়ে সাকিবের যে বিভ্রম, বাংলাদেশ দলের বর্তমান অবস্থারই সেটি একটা রূপক যেন। টি-টোয়েন্টি সিরিজ তো এখনো শেষ হয়ইনি, বে ওভালের আজকের ম্যাচটি বরং বেশ গুরুত্বপূর্ণ। তিন ম্যাচের সিরিজের প্রথমটি হেরে থাকায় সিরিজে টিকে থাকতে আজ জিততেই হবে বাংলাদেশকে। আর হারলে ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও সিরিজ হার নিশ্চিত হয়ে যাবে এক ম্যাচ বাকি থাকতেই। কিন্তু বাংলাদেশ দলের মনোযোগ আজকের ম্যাচ বা টি-টোয়েন্টি সিরিজেই আর কতটা আছে, তা নিয়ে সংশয় আছে।
হারলে সিরিজটাই অর্থহীন হয়ে যাবে, এমন এক ম্যাচের আগে দলের মনোযোগ সরে গেছে নানান দিকে। ঐচ্ছিক অনুশীলনের দিনে মোস্তাফিজুর রহমানের মতো প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও যেন ‘ছুটি’ নিলেন। মূল স্টেডিয়ামে ফিল্ডিং অনুশীলনে কিছু সময় ছিলেন। এরপর ড্রেসিংরুম থেকে কোচ মাত্র একবারই নেটের দিকে এলেন। সেটিও অন্য কাজে। হাতে কতগুলো কাগজপত্র। নেটের একপাশে একবার মাহমুদউল্লাহ ও একবার মুশফিকুর রহিমকে ডেকে অনেকক্ষণ ধরে কী যেন আলোচনা করলেন। এরপর আবার চলে গেলেন ড্রেসিংরুমে। খোঁজখবর করে মুশফিক, মাহমুদউল্লাহর সঙ্গে হাথুরুসিংহের একান্ত আলোচনার কয়েকটি সম্ভাব্য কারণ জানা গেল।
প্রথমত টেস্ট সিরিজের দল নির্বাচন। ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের সম্ভাব্য দল নিয়েও কথা হতে পারে। খেলোয়াড়দের মধ্যে এসব নিয়ে ব্যাপক কৌতূহল দেখা যাচ্ছে। টেস্টের জন্য নাকি ১৭ জনের দল হবে, কারা সেই ১৭ জন? শোনা যাচ্ছে মাশরাফি বিন মুর্তজার মতো শুভাগত হোম চৌধুরী, সৌম্য সরকার, তানভীর হায়দার ও ইবাদত হোসেন টি-টোয়েন্টি সিরিজ শেষে দলের সঙ্গে থাকবেন না। বাকিরা টেস্ট দলে থাকবেন। অবশ্য সৌম্য আর মোসাদ্দেকের মধ্যে কে টেস্ট দলে থাকবেন না, সেটি নাকি বাকি দুটি টি-টোয়েন্টি দেখে ঠিক হবে।
ভারত টেস্টের দল এখনই দিয়ে দেওয়া হবে কি না, সেটাও একটা আলোচনা। কিন্তু এসবের জন্য তো বোর্ড সভাপতির অনুমোদন লাগবে। তিনি কোথায়? তাঁর না নিউজিল্যান্ডে আসার কথা—কত যে প্রশ্ন ক্রিকেটারদের মনে। মজার ব্যাপার হলো, কোচের সঙ্গে মুশফিকদের একান্ত আলোচনায় টি-টোয়েন্টি সিরিজ না থাকার সম্ভাবনাই বেশি। হ্যামস্ট্রিংয়ের চোট মুশফিককে থাকতে দেয়নি টি-টোয়েন্টির স্কোয়াডে। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে বাদ দিয়ে নিশ্চয়ই তাঁর সঙ্গে এ নিয়ে কথা বলবেন না কোচ।
বিসিবির সঙ্গে খেলোয়াড়দের চুক্তির নিয়ম-কানুনে কিছু পরিবর্তন আসছে। কোচ সেসবের ব্যাপারেও মুশফিক-মাহমুদউল্লাহর মতামত চেয়ে থাকতে পারেন এবং আলোচনা করে নেওয়াটা কাঠামো পরিবর্তন প্রক্রিয়ারই অংশ। নতুন চুক্তির সম্ভাব্য পরিবর্তনগুলোর অন্যতম, অভিজ্ঞতার পরিবর্তে বেতনের শ্রেণিবিন্যাস হতে পারে টেস্ট খেলার সামর্থ্য এবং পারফরম্যান্সের ওপর ভিত্তি করে। যারা টেস্টের বিবেচনায় নেই, সর্বোচ্চ শ্রেণিতে হয়তো তাদের জায়গা হবে না। এভাবে যে যত বেশি সংস্করণের দলে বিবেচনায় থাকবে, ভালো পারফরম করবে তার তত ওপরের শ্রেণিতে থাকার সম্ভাবনা।
সবকিছুই এখনো সিদ্ধান্তের অপেক্ষায়, সবাই যেমন জানতে চায় আজ বাংলাদেশ জিতবে কি না। তার আগে অবশ্য এটাও জানা দরকার যে, বাংলাদেশ দল আদৌ জয়ের স্বপ্ন দেখছে কি না। সবার মন যেভাবে এদিক-ওদিক ছুটোছুটি করছে, টি-টোয়েন্টি সিরিজটাকে যেন শেষই ধরে নিয়েছেন সবাই।