জরিমানা গুনলেন ধোনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোমবার নিজ শহর রাঁচিতে মোটরসাইকেলে ঘুরে বেড়ান ধোনি। ছবি: টাইমস অব ইন্ডিয়া
সোমবার নিজ শহর রাঁচিতে মোটরসাইকেলে ঘুরে বেড়ান ধোনি। ছবি: টাইমস অব ইন্ডিয়া

গত সোমবার সামাজিক যোগাযোগের সাইটগুলোতে ছড়িয়ে পড়েছিল ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির একটি ছবি। ছবিতে দেখা যায় রাঁচির রাস্তায় বাইক চালাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। পরে ছবিটি প্রকাশ করা হয়েছিল বিভিন্ন সংবাদমাধ্যমেও। এক দিন পর সেই ছবি দেখেই স্থানীয় পুলিশের চোখে ধরা পড়ে যে ধোনি ট্রাফিক আইন ভেঙেছেন। সেই আইন ভাঙার দায়েই ৫০০ রুপি জরিমানা দিতে হলো তাঁকে।

কোনো রকম পুলিশি পাহারা ছাড়াই সেদিন রাঁচির রাস্তায় প্রায় তিন ঘণ্টা ঘুরে বেড়ান ধোনি। চালাচ্ছিলেন ‘ভিনটেজ বুলেট বিএসএ গোল্ডস্টার ডিবিডি ৩৪’ মডেলের একটি মোটরসাইকেল। কিন্তু মোটরযান আইন অনুযায়ী সেটিতে ঠিকমত লেখা ছিল না মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর।

আইনের ১২২ / ১৭৯ ধারা অনুযায়ী গাড়ির রেজিস্ট্রেশন নম্বর সামনে ও পেছনে এমনভাবে লেখা থাকতে হবে যেন তা সহজেই দেখা যায়। একদিন পর বিভিন্ন সংবাদ পত্রিকায় ছবি দেখে রাঁচির ট্রাফিক পুলিশ বিভাগ আবিষ্কার করে যে ধোনির মোটরসাইকেলে নাম্বার প্লেট সংক্রান্ত আইনটি মানা হয়নি। সঙ্গে সঙ্গেই এ ব্যাপারে ব্যবস্থা নেয় তারা। ধোনির বাড়িতে জরিমানার চালান পাঠিয়ে দেওয়া হয়। ধোনির পরিবার থেকে জরিমানা হিসেবে ৫০০ রুপি দিয়ে দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন রাঁচি ট্রাফিক পুলিশের কর্মকর্তা কার্তিক। ধোনি না জেনেই এমনটা করেছেন বলে জানানো হয়েছে তাঁর পরিবারের পক্ষ থেকে।

মঙ্গলবার বিকেলেই ধোনি তাঁর স্ত্রী এবং মেয়েকে নিয়ে উড়াল দিয়েছেন কলকাতার পথে। আজ থেকে শুরু হতে যাওয়া আইপিএলে তিনি নেতৃত্ব দেবেন চেন্নাই সুপার কিংসের। সূত্র: টাইমস অব ইন্ডিয়া