জরিমানা গুনতে হলো না সাকিবকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুটা আবেগপ্রবণ হয়েই কাণ্ডটা করে বসেছিলেন সাকিব আল হাসান। তবে মোহাম্মদ আমিরের বলে বোল্ড হয়ে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করার মুহূর্তেই নিজেকে ফিরে পেয়ে আম্পায়ারদের কাছে ক্ষমা চেয়ে নেন।

তবে আইসিসি আচরণবিধি মালার লেভেল-১ শর্ত ভঙ্গের অপরাধে সাকিবের জুটেছে আইসিসির তিরস্কার। এ ধরনের অপরাধে তিরস্কার অথবা একই সঙ্গে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানাও হয় সংশ্লিষ্ট ক্রিকেটারের।

গতকাল বৃহস্পতিবার ম্যাচ রেফারি জেফ ক্রোর সামনে হাজির হতে হয়েছিল সাকিবকে। সেখানে দোষ স্বীকার করে ক্ষমা চাওয়ায় ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডারকে আর জরিমানা গুনতে হলো না।

পরশু এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে নিজেদের ইনিংসের মোহাম্মদ আমিরের করা ১৮তম ওভারের দ্বিতীয় বলে স্কুপ করতে গিয়ে বোল্ড হয়ে যান সাকিব। পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে বিষম চাপের মুখে কেন ওই শট খেলতে গেলেন, নিজেই হয়তো তা মানতে পারছিলেন না। এও বুঝে গিয়েছিলেন, উইকেটটা ছুড়ে ফেলে আসায় ম্যাচটি খুবই কঠিন হয়ে গেছে দলের জন্য।