জরিমানা হলো ম্যানেজারের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানপুরে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডের আম্পায়ারিং হয়তো পছন্দ হয়নি তাঁর। সেটা নিয়েই ইন্দোরে দ্বিতীয় ওয়ানডের আগে সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ ঝেড়েছিলেন ভারতীয় দলের ম্যানেজার বিনোদ ফাড়কে। সমালোচনা করেছিলেন ওই ম্যাচের ভারতীয় আম্পায়ার বিনিত কুলকার্নির। যার জন্য এখন ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে ফাড়কেকে।
কানপুরের ওয়ানডে শেষে আম্পায়ার বিনিত কুলকার্নির সমালোচনা করে ফাড়কে সংবাদমাধ্যমে বলেছিলেন, ‘অধিনায়কের প্রতিবেদন আমি দেখিনি, তবে আমার প্রতিবেদনে অবশ্যই তাঁর কথা লিখব। সবাই দেখেছে আম্পায়ারিং ভালো হয়নি।’ প্রকাশ্যে তাঁর এই মন্তব্যকে আইসিসির আচরণবিধির লঙ্ঘন হিসেবেই দেখছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। ইন্দোরে দ্বিতীয় ওয়ানডের পর শুনানি শেষে ফাড়কেকে জরিমানা করেন ব্রড। আইসিসি ক্রিকেট।