জরিমানাও গুনলেন কোহলি

টিভি পর্দায় বারবার দেখানো হচ্ছিল বিরাট কোহলিকে। মাঠে আম্পায়ার মিশেল গফের সঙ্গে তাঁর আচরণটা যে খুব ‘বিনয়ী’ ছিল না, সেটি বোঝা গেছে টিভি দেখেই। দুর্দান্ত এক সেঞ্চুরি করে সেঞ্চুরিয়ন টেস্টে ভারতকে লড়াইয়ে রাখা কোহলিকে সে কারণে শাস্তি পেতেই হচ্ছে। আম্পায়ারের সঙ্গে তাঁর আচরণটা যে আচরণবিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সে কারণে সেঞ্চুরি করলেও আচরণবিধি লঙ্ঘনের দায়ে কোহলির জরিমানা হয়েছে। কেটে রাখা হয়েছে ম্যাচ ফির ২৫ শতাংশ।
ব্যাটিংয়ে দুর্দান্ত, ফিল্ডিংয়ে তিনি বরাবরই আগ্রাসী। আগ্রাসী, একই সঙ্গে আবেগপ্রবণও। এ কারণে সমালোচনাও কম সইতে হয় না তাঁকে। গতকাল যেমন বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনে ২৫ ওভার শেষে বল পানিতে নষ্ট হয়ে গেছে বলে আম্পায়ার গফের কাছে বারবার অভিযোগ তুলছিলেন কোহলি। কিন্তু আম্পায়ার তাঁর কথায় কান না দেওয়ায় ভারতের অধিনায়ক নিজেকে আর ধরে রাখতে পারেননি। একপর্যায়ে মাটিতে বল ছুড়ে মারেন, আইসিসির চোখে যা অপরাধের পর্যায়েই পড়ে।
কোহলিকে এ জন্য লেভেল ওয়ান ধারায় দোষী সাব্যস্ত করেছে আইসিসি। ‘খেলার চেতনার বিপক্ষে যায় এমন আচরণ’ করায় তাঁর নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। কোহলি অবশ্য নিজ আচরণে অনুতপ্ত। ম্যাচ রেফারি ক্রিস ব্রডের কাছে নিজের দোষ স্বীকারও করেছেন।