জহুরুল-মাইশুকুরের আক্ষেপ

বিকেএসপির তিন নম্বর মাঠে জহুরুল ইসলাম, চার নম্বরে মাইশুকুর রহমান। পাশাপাশি মাঠ দুটি কাল ব্যক্তিগত আক্ষেপের সাক্ষী হয়ে থাকল এই দুই ক্রিকেটারের। জহুরুল সেঞ্চুরি পেলেন না মাত্র ৫ রানের জন্য। শতরান থেকে মাইশুকুরের দূরত্ব অবশ্য আরেকটু বেশিই ছিল, ১৩ রানের। তবে ব্যক্তিগত এই আক্ষেপ দিন শেষে দূর হয়ে গেছে দলের জয়ে। তিন নম্বর মাঠে জহুরুলের দল লিজেন্ডস অব রূপগঞ্জ ৭ উইকেটে হারিয়েছে ভিক্টোরিয়াকে। ম্যাচসেরাও হয়েছেন তিনি। একই ব্যবধানে মাইশুকুরের দল শেখ জামাল জিতেছে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। তবে মাইশুকুর নন, ৮৮ বলে ৭৫ রানের ঝলমলে ইনিংস খেলে এ ম্যাচের সেরা হয়েছেন শাহরিয়ার নাফীস। ফতুল্লায় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের অন্য ম্যাচটা হয়েছে দারুণ জমজমাট। প্রাইম দোলেশ্বরের সঙ্গে আগে ব্যাট করে মাত্র ২০৮ রান তুলেও ম্যাচটা কলাবাগান ক্রিকেট একাডেমি জিতে নিয়েছে ৪ রানে।
বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাট করতে নেমেই রূপগঞ্জের পেসার শহীদের তোপের মুখে পড়ে ভিক্টোরিয়া। ৩২ রানেই ৩ উইকেট হারায় তারা, ৩টিই শহীদের। এর মধ্যে সপ্তম ওভারের শেষ বলে মাহবুবুল করিম ও নবম ওভারের প্রথম বলে হাসানুজ্জামানকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন শহীদ। কিছুটা প্রতিরোধ এসেছিল নাদিফ চৌধুরীর ব্যাট থেকে, কিন্তু ৫৭ রান তোলার পর তাঁকেও মোশাররফের ক্যাচ বানিয়ে ফেরান শহীদ। শেষের দিকে এনামুল হক ১৩ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলায় ভিক্টোরিয়ার স্কোরবোর্ডে ১৯১ জমা হয়। কিন্তু জহুরুলের দারুণ ইনিংসে রূপগঞ্জ লক্ষ্য পেরিয়ে যায় ২৩ বল হাতে রেখেই।
ফতুল্লায় কলাবাগানকে মাত্র ২০৮ রানে আটকে রাখার কৃতিত্বটা দুই স্পিনার ইলিয়াস সানি (৪/৩৬) ও হাবিবুর রহমানের (৩/৫১)। ওপেনার ইরফান শকুর (৭২) ছাড়া বড় প্রতিরোধ গড়তে পারেননি আর কেউ। কিন্তু ছোট এই লক্ষ্যটাও তাড়া করতে নেমে দিশেহারা হয়ে পড়ে প্রাইম দোলেশ্বর। দোলেশ্বরের কোনো ব্যাটসম্যান ফিফটি পর্যন্ত পাননি, সর্বোচ্চ মেহেদি মারুফের ৪২। ৪ উইকেট হাতে নিয়ে শেষ ৭ বলে জয়ের জন্য ৯ রান দরকার ছিল দোলেশ্বরের। কিন্তু তাদের সে লক্ষ্যে পৌঁছাতে দেননি কলাবাগানের পেসার মোহাম্মদ শরীফ, শেষ ওভারে তিনি দেন মাত্র ৩ রান, উইকেটও নেন শেষ বলে।