জাজাইয়ের পর পোলার্ড, রাসেল, ঢাকা ১৯২

>বিপিএলে খুলনা টাইটানসের বিপক্ষে ৬ উইকেটে ১৯২ রান তুলেছে ঢাকা
ক্যাচ মিস করলে তার খেসারত তো দিতেই হবে!
ঢাকা ডায়নামাইটসের ইনিংসে তখন দ্বিতীয় ওভার। শরিফুল ইসলামের চতুর্থ বলে পুল করেছিলেন হজরতউল্লাহ জাজাই। মিড অনে ক্যাচটি নিতে পারেননি খুলনা টাইটানসের ডেভিড উইজে। পরিণতিতে জাজাই-ঝড়। সেই শরিফুলেরই করা পঞ্চম ওভার থেকে জাজাই একাই তুলেছেন ২৭! আগের ম্যাচের দুর্দান্ত ফর্ম এ ম্যাচেও টেনে এনে জাজাই শেষ পর্যন্ত খেলেছেন ৩৬ বলে ৫৭ রানের দারুণ এক ইনিংস।
আফগান এই ওপেনার ১২তম ওভারে যখন আউট হলেন ঢাকার স্কোর ৩ উইকেটে ১১৩। একই ওভারের পরের বলে সাকিব আল হাসানকে ফিরিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন খুলনার আইরিশ অলরাউন্ডার পল স্টার্লিং। কিন্তু দুই ক্যারিবিয়ান কাইরন পোলার্ড আর আন্দ্রে রাসেল তা হতে দেননি। ৩৩ বলে ৫৫ রানের এক জুটি গড়েন দুজন। শেষ পর্যন্ত ঢাকার স্কোর ৬ উইকেটে ১৯২।
টস হেরে আগে ব্যাটিংয়ে নামা ঢাকার ওপেনিং জুটিতে ৫.১ ওভারে ৬৭ রান যোগ করেন সুনীল নারাইন ও জাজাই।ষষ্ঠ ওভারের প্রথম বলে নারাইন ১৪ রান করে আউট হলেও ঢাকার রানের চাকা এতটুকু থামেনি। পাওয়ার প্লে-র ৬ ওভারেই ১ উইকেটে ৭২ রান তুলেছে দলটি। এর মধ্যে পঞ্চম ওভারে জাজাইয়ের তোলা ২৭ রান বিপিএলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ (এক ওভারে)। গত বছর সাইফউদ্দিনের ৩২ রানের ওভারকে পেছনে ফেলতে পারেননি জাজাই।
ক্যাচ ভালোই পড়েছে খুলনার, বিশেষ করে তাদের বিদেশিদের। সপ্তম ওভারে মিড উইকেটে রনি তালুকদারের সহজ ক্যাচ নিতে পারেননি স্টার্লিং। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভালোই রসিকতা চলেছে। খুলনার বিদেশি ক্রিকেটারেরা নাকি ম্যাচ শুরুর আগে ক্যাচ অনুশীলন করেননি! ঢাকার ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখ রনি ১৮ বলে ২৮ করে ‘জীবন’ পেয়ে সেটির সদ্ব্যবহার করতে পারেননি।