জাতীয় লিগ যেন ডাবল সেঞ্চুরির মেলা!

মিরপুরে বরিশালের বিপক্ষে ঢাকা বিভাগের রনি তালুকদার করলেন ২২৭। পরের ম্যাচে একই দলের আবদুল মজিদ করলেন ২৫৩। এ দুই ওপেনারের ‘ডাবল’ দেখে বরিশাল বিভাগের ওপেনার শাহরিয়ার নাফীসের হাতটা নিশপিশ করেছিল কি না, কে জানে! শাহরিয়ারও আজ পেয়ে গেলেন ঘরোয়া ক্রিকেটে তাঁর প্রথম ডাবল সেঞ্চুরি। মাত্র দু সপ্তাহের ব্যবধানে তিনটি দ্বিশতক—যেন ডাবল সেঞ্চুরির মেলা বসেছে জাতীয় লিগে!
বিকেএসপি-২ মাঠে শাহরিয়ারের দ্বিশতকে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বরিশালের সংগ্রহ ৪ উইকেটে ৩৪৩ রান। বরিশাল এগিয়ে ২২৪ রানে। রবিউল ইসলামের বলে ফেরার আগে শাহরিয়ার করেছেন ২১৯ রান। দুর্দান্ত ইনিংসে ছয়ের মার নেই একটিও। চারের মার ছিল ৩২টি। এ ছাড়া ফজলে মাহমুদের ব্যাট থেকে এসেছে ৭৪ রান।
ফতুল্লায় পরাজয়ের প্রান্তে ফলো-অনে পড়া ঢাকা মহানগর। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা মহানগরের সংগ্রহ ৮ উইকেটে ৩৭৩ রান। এখনো পিছিয়ে ৬২ রানে, হাতে দুই উইকেট। মহানগরের পাঁচ ব্যাটসম্যান ফিফটি েপলেও সেঞ্চুরি পাননি কেউ। সর্বোচ্চ ৯২ রান করে ফিরেছেন শামসুর রহমান।
বিকেএসপি-৩ মাঠে রংপুরের বিপক্ষে আগের দিনের ৫ উইকেটে ১৯১ রানের সঙ্গে আজ ৭০ রান যোগ করে সিলেট অলআউট ২৬১ রানে। দ্বিতীয় ইনিংসে লিটন দাসের সেঞ্চুরি, নাঈম ইসলাম ও আরিফুল হকের ফিফটিতে রংপুরের সংগ্রহ ৮ উইকেটে ৩০০ রান। রংপুর এগিয়ে ৪০৬ রানে। এনামুল হক জুনিয়রের বলে ফেরার আগে লিটনের সংগ্রহ ১১৬ রান।
মিরপুরে চট্টগ্রামের বিপক্ষে আগের দিনের ৭ উইকেটে ৩৭৯ রানের সঙ্গে ৩২ রান যোগ করে রাজশাহী অলআউট ৪১১ রানে। চট্টগ্রামের ডানহাতি পেসার ইফতেখার সাজ্জাদ পেয়েছেন একাই ৮ উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চট্টগ্রামের সংগ্রহ ৫ উইকেটে ১৯৫ রান। চট্টগ্রাম এখনো পিছিয়ে ৭ রানে।