জাতীয় লিগে রান-বন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫৬০ করে খুলনার ইনিংস ঘোষণা, রংপুরের ইনিংস ঘোষণা ৯ উইকেটে ৫১৮ করে। সিলেট ৫০০ ও ঢাকা মহানগর ৪৯৬। দুটি জুটিতে নতুন রেকর্ড। আট সেঞ্চুরি। যেন রান–বন্যায় ভাসছে জাতীয় লিগ! চতুর্থ রাউন্ডের প্রথম দিনে সেঞ্চুরি পেয়েছিলেন চার ব্যাটসম্যান। কাল দ্বিতীয় দিনে তিন অঙ্কের দেখা পেলেন আরও চার ব্যাটসম্যান। এঁদের একজন খুলনার তুষার ইমরান পেয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম ডাবল সেঞ্চুরিও। দশে নেমে সেঞ্চুরি পেয়েছেন ঢাকা মহানগরের মোহাম্মদ শহীদ। সেঞ্চুরি পাওয়া অন্য দুজন নাঈম ইসলাম ও জিয়াউর রহমান।
মিরপুরে রাজশাহীর বিপক্ষে ষষ্ঠ উইকেটে রেকর্ড ২৯৫ রান যোগ করেন তুষার ও জিয়া। তুষারের অপরাজিত ২০৩ রানের ইনিংসে ছিল ২৩টি চার। জিয়া ১৭ চার ও ৭ ছয়ে করেছেন ১৬৪। ফতুল্লায় ঢাকা বিভাগের বিপক্ষে চতুর্থ উইকেটে রেকর্ড ৩৪৮ রান যোগ করেন রাজিন সালেহ (১৮১) ও অলক কাপালি (১৭৫)। দুজনই খেলেছেন ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস। বিকেএসপিতে ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস খেলেছেন রংপুরের নাঈম ইসলামও (১৪৭)। বিকেএসপির অন্য মাঠে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন শহীদ (১০২, ৮ চার, ৭ ছয়)। ঢাকা মহানগর-চট্টগ্রামের এই ম্যাচে ৬ উইকেট নিয়েছেন চট্টগ্রামের লেগ স্পিনার নূর হোসেন। তবে রান–বন্যার মধ্যে খবর হলো রনি তালুকদারের রান না পাওয়া। এবার প্রথম তিন ইনিংসেই সেঞ্চুরি পাওয়া রনি কাল আউট হয়েছেন ৫ রানে।