জাতীয় সংগীত বিতর্কে মরগান

‘গড সেভ আওয়ার গ্রেশাস কুইন, লং লিভ আওয়ার নোবেল কুইন...’ ইংল্যান্ডের জাতীয় সংগীতটা যখন ম্যাচের আগে বেজে ওঠে, খোদ ইংলিশ অধিনায়ক এউইন মরগানের ঠোঁট দুটোই নড়ে না! ইংলিশ জাতীয় সংগীত নিয়ে ‘আইরিশ’ মরগানের এই নীরবতা ইংল্যান্ডে এখন খুব আলোচিত। নানা জায়গায় সমালোচনাও হচ্ছে। অবশেষে মরগান একটা ব্যাখ্যা দিয়েছেন, ‘আমি আয়ারল্যান্ড বা ইংল্যান্ড কারও পক্ষে খেলার সময়ে জাতীয় সংগীত গাইনি। এটা লম্বা একটা কাহিনি, তবে ব্যক্তিগত বিষয়। অনেক দিন ধরেই এটা চলছে।’ তবে এতে ইংল্যান্ডের হয়ে খেলার গর্বটা মরগানের কমে না এতটুকুও, ‘এমন হলেই (জাতীয় সংগীত না গাওয়া) যে ইংল্যান্ডের হয়ে খেলার গর্বটা কমে যাবে, তা নয়। আমি এখন যে অবস্থানে আছি, তাতে আমি নিজেকে গর্বিত মনে করি। বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিতে পেরেও আমার নিজেকে ভাগ্যবান মনে হয়।’ বিশ্বকাপে ইংল্যান্ডের পরের ম্যাচ আগামীকাল, শ্রীলঙ্কার বিপক্ষে। সে ম্যাচে বলার মতো পারফরম্যান্স হলে নিশ্চয়ই জাতীয় সংগীতবিষয়ক আলোচনাটা আর বাড়বে না! রয়টার্স।