জাতীয় দল ও কাউন্টি সূচির গ্যাঁড়াকলে কোহলি

>২৫ থেকে ২৮ জুন ইয়র্কশায়ারের বিপক্ষে সারের হয়ে শেষ কাউন্টি ম্যাচ খেলবেন কোহলি। ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ ২৭ ও ২৯ জুন। এই টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের অধিনায়ক কোহলি। নির্বাচকদের এই সিদ্ধান্ত বিভ্রান্তি ছড়িয়েছে ক্রিকেট মহলে। কারণ, টি-টোয়েন্টি সিরিজ চলাকালে কোহলি সারের হয়ে খেলতে চুক্তিবদ্ধ।
ডাবলিনে জুনের শেষ দিকে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। এ জন্য গতকাল ঘোষিত ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে বিরাট কোহলিকে। নির্বাচকদের এই সিদ্ধান্ত বিভ্রান্তি ছড়িয়েছে ক্রিকেট মহলে। কারণ, এই সময়ে কোহলি ইংলিশ কাউন্টি দল সারের হয়ে খেলার ব্যাপারে চুক্তিবদ্ধ।
২৫ থেকে ২৮ জুন ইয়র্কশায়ারের বিপক্ষে সারের হয়ে শেষ কাউন্টি ম্যাচ খেলবেন কোহলি। ডাবলিনের দুটি টি-টোয়েন্টি ম্যাচ ২৭ ও ২৯ জুন। গুজব উঠেছে, বিসিসিআইয়ের একটি অংশ আফগানিস্তানের বিপক্ষে কোহলির টেস্ট না খেলার সিদ্ধান্তে নাখোশ। আর তাই কোহলির কাউন্টি অধ্যায় ছেঁটে ছোট করে আনার একটা চেষ্টা চলছে, এমন খবরই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
অথচ সারের পক্ষ থেকে এর আগে বলা হয়েছে, ‘ভারতের অধিনায়ক বিরাট কোহলি গোটা জুন সারের হয়ে খেলবেন।’ ভারতীয় নির্বাচকেরা টি-টোয়েন্টি দল ঘোষণার বেশ আগে সারের সূচি প্রকাশিত হয়েছে। কিন্তু তারপরও আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কোহলির দলে থাকাটা বিস্ময়কর।
সংবাদমাধ্যম এ নিয়ে বিসিসিআই নির্বাচক প্রধান এম এস কে প্রসাদের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘দয়া করে এ বিষয়ে বিসিসিআই সেক্রেটারির সঙ্গে কথা বলুন।’ বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সেক্রেটারি অমিতাভ চৌধুরী কিন্তু এ নিয়ে একেবারেই নির্ভার, ‘নিশ্চিন্ত থাকুন, সব ঠিক আছে।’