জাতীয় দলের অনুশীলনে মোশাররফ
এইচপির বিশেষ বোলিং ক্যাম্পে থাকলেও জাতীয় দলের ৩০ জনের অনুশীলন ক্যাম্পে ছিলেন না মোশাররফ হোসেন। আপাতত খেলা-অনুশীলন কিছুই নেই বলে ২৫ আগস্ট সপরিবারে বেড়াতে যান ভারতে। কিন্তু কলকাতায় বসেই ঢাকা থেকে জাতীয় দলের অনুশীলনে যোগ দেওয়ার জরুরি তলব পান এই বাঁহাতি স্পিনার। বিমান টিকিট না পেয়ে সড়কপথে দেশে ফিরে আসেন ২৭ আগস্ট। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনে যোগ দেন গত পরশু। অনুশীলন করেছেন কালও।
জাতীয় দলের হয়ে তিনটি ওয়ানডে খেলেছেন। তিনটিই ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে। সেই মোশাররফকে এত দিন পর তলব কেন? জানা গেছে, বাঁহাতি স্পিনে সাকিব আল হাসানের সম্ভাব্য সঙ্গী হিসেবেই ডেকে আনা হয়েছে তাঁকে।
আগামী ৫ সেপ্টেম্বর বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে তাসকিন আহমেদের সঙ্গে অস্ট্রেলিয়ায় যাবেন আরাফাত সানি। তাঁকে নিয়ে অনিশ্চয়তার কারণে সাকিবের একজন সঙ্গী খুঁজছেন চন্ডিকা হাথুরুসিংহে। ৩০ জনের দলে তাইজুল ইসলাম ও মোহাম্মদ সোহরাওয়ার্দী থাকলেও এইচপির বিশেষজ্ঞ কোচ হিসেবে ঢাকায় ঘুরে যাওয়া ভেঙ্কটপতি রাজুর কাছে মোশাররফের অনেক প্রশংসা শুনে শেষ পর্যন্ত তাঁর বোলিং দেখতে আগ্রহী হয়েছেন জাতীয় দলের কোচ। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনও কাল জানালেন, ‘মোশাররফ এইচপির স্কোয়াডে ছিল। কেমন বোলিং করছে, সেটা দেখতেই অনুশীলনে যোগ দিতে বলা হয়েছে তাকে।’