জাতীয় দলের চেয়ে আইপিএলে ব্যাটিংটা ভালো, তাই নামই ‘আইপিএল প্যাট’

আইপিএলে অবিশ্বাস্য এক ইনিংস খেলেছেন কামিন্সছবি: আইপিএল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলো যা ওই এক ম্যাচেই ছড়িয়েছেন! কিন্তু এমনই এক ইনিংস খেলেছেন প্যাট কামিন্স, রেকর্ডবই ওলটপালট করে দেওয়ার পাশাপাশি সেই ইনিংসই রাঙিয়ে গেছে ক্রিকেটপ্রেমীদের মন। একটু আশ্চর্যও করেছে, কামিন্স এমন ব্যাটিংও পারেন!

অস্ট্রেলিয়া দলে কামিন্সের সতীর্থ অ্যারন ফিঞ্চ এখন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সেও কামিন্সের সঙ্গী, তিনিই জানালেন নতুন এক কথা। অস্ট্রেলিয়া দলের হয়ে টি-টোয়েন্টিতে যেমন, তার চেয়ে আইপিএলেই তো ব্যাটিংটা ভালো হয় কামিন্সের, সে কারণে কামিন্সের নামই বদলে দিয়েছেন তাঁর অস্ট্রেলিয়া দলের সতীর্থরা। অস্ট্রেলিয়া অধিনায়ককে তাঁর সতীর্থরা ডাকেন ‘আইপিএল প্যাট।’

ফিঞ্চের কথাটা একেবারে ফেলে দেওয়ার মতোও নয়। অস্ট্রেলিয়ার হয়ে এ পর্যন্ত ৩৯টি টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৩ রানের ইনিংস খেলা কামিন্স এবার নিয়ে টানা তিন আইপিএলেই একটি করে অর্ধশতক পেয়েছেন। অস্ট্রেলিয়ার জার্সিতে তাঁর ব্যাটিং গড় যেখানে ৭.৫৫, সর্বশেষ তিন আইপিএলেই বিশের ওপর গড় রেখেছেন কামিন্স। স্ট্রাইকরেটও দারুণ—২০২০ আইপিএলে ১২৮.০৭, পরের বছর ১৬৬.০৭ আর এবার এখন পর্যন্ত ২৮৬.৩৬!

এবার অবশ্য এক ইনিংসেই যত আলোচনার জন্ম দিয়েছেন কামিন্স। গত ৬ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ম্যাচটি ছিল এবারের আইপিএলে কলকাতার হয়ে কামিন্সের প্রথম। পুনেতে মুম্বাইয়ের ১৬১ রান তাড়া করতে নামা কলকাতার হয়ে কামিন্স যখন মাঠে নামেন, তখনো ৪১ বলে ৬১ রান দরকার কলকাতার, হাতে উইকেট পাঁচটি। কিন্তু সেখান থেকে চার-ছক্কার অবিশ্বাস্য ঝড় তুলে মাত্র ১৫ বলে কামিন্স করলেন ৫৬ রান! তাতে কলকাতা তো ২৪ বল আর ৫ উইকেট হাতে রেখে জিতেই গেছে, কামিন্সও নাম লিখিয়েছেন রেকর্ডবইয়ে।

৪ চার, ৬ ছক্কার ইনিংসে কামিন্স অর্ধশতক পেরিয়ে যান ১৪ বলে—যা আইপিএলের ইতিহাসে লোকেশ রাহুলের সঙ্গে যৌথ দ্রুততম! ওই ইনিংসের পর অবশ্য তিন ম্যাচে আর হাসেনি কামিন্সের ব্যাট, কোনো ইনিংসেই দুই অঙ্কে যেতে না পারা কামিন্সের ব্যাট থেকে তিন ইনিংসে এসেছে ৭ রান। তবে ফিঞ্চ এখনো ওই অবিশ্বাস্য ইনিংসেই মুগ্ধ।

কামিন্স বল হাতে অবশ্য বেশ ব্যর্থ
ছবি: আইপিএল

কামিন্সের ওই ইনিংস কতটা অবিশ্বাস্য ছিল, সেটি নিয়ে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ওয়েবসাইটে ফিঞ্চ বললেন, ‘আসলেই, পুরো অবাক হয়ে গেছি। আমরা ওকে ‘‘আইপিএল প্যাট’’ ডাকি, কারণ অস্ট্রেলিয়ার চেয়ে আইপিএলে ও অনেক ভালো ব্যাটিং করে। কেকেআরের জার্সিতে অসাধারণ কিছু ইনিংস খেলেছে ও। নিজের ব্যাটিং নিয়ে অনেক পরিশ্রমও করে। সে কারণে ওকে সাত নম্বরে নেমে এত আগ্রাসী মানসিকতা নিয়ে ব্যাটিং করতে দেখে, প্রথম বল থেকেই ব্যাট চালাতে দেখে, ম্যাচের গতিপথ বদলে দিতে দেখে ভালো লাগছে। অসাধারণ এক ইনিংস ছিল!’

ফিঞ্চ নিজেও অবশ্য কলকাতার হয়ে এবারের আইপিএলে প্রথম খেলতে নেমেই ঝড় তুলেছেন। এবার নিলামে ফিঞ্চকে কেউই কেনেনি, কিন্তু কেকেআরের ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলস চোটে পড়ায় বদলি হিসেবে ফিঞ্চকে নিয়ে আসে কলকাতার ফ্র্যাঞ্চাইজিটি। ১৮ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে এবারের আইপিএলে প্রথমবার খেলতে নেমেই ২৮ বলে ৯ চার ও ২ ছক্কায় ৫৮ রান করেন ফিঞ্চ।

ফিঞ্চ কলকাতার জার্সিতে প্রথম ম্যাচেই অর্ধশতক হাঁকিয়েছেন
ছবি: আইপিএল

যদিও তাঁর ইনিংসটা কামিন্সের মতো করে দলকে জেতাতে পারেনি, সেদিন রাজস্থানের ২১৭ রানের জবাবে ২১০ রানে অলআউট হয়ে যায় কলকাতা।

নিজের সে ইনিংস নয়, ফিঞ্চ কথা বলেছেন আইপিএলে নিলামে ডাক না পাওয়া নিয়ে। ডাক না পেয়ে হতাশ হয়েছিলেন কি না, প্রশ্নে অস্ট্রেলিয়ান উদ্বোধনী ব্যাটসম্যানের উত্তর, ‘হ্যাঁ, অবশ্যই। তবে যখন বাজের (কেকেআর কোচ ব্রেন্ডন ম্যাককালাম) ফোন পেলাম এসে কেকেআরে যোগ দেওয়ার জন্য, খুবই রোমাঞ্চিত ছিলাম। সুযোগটা আর হাতছাড়া করিনি।’

এ পর্যন্ত ৭ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে আইপিএলের পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে আছে কলকাতা। সেরা চার দল খেলবে প্লে-অফ, এই মুহূর্তে চার নম্বরে থাকা লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও পাঁচে থাকা সানরাইজার্স হায়দরাবাদের পয়েন্ট ৮। আজ বাংলাদেশ সময় বিকাল ৪টায় পয়েন্ট তালিকায় দ্বিতীয় (১০ পয়েন্ট) গুজরাট টাইটানসের বিপক্ষে ম্যাচ কলকাতার।