জাতীয় লিগে অনুজ্জ্বল তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের জাতীয় লিগের প্রথম দুই রাউন্ডকে ব্যতিক্রমী বলতেই হয়। অনেক দিন পর যে তারার মেলা! জাতীয় লিগ সর্বশেষ কবে সাকিব-তামিম-মুশফিক-মাহমুদউল্লাহদের একসঙ্গে পেয়েছিল, সেটা গবেষণার বিষয়। গতবার তো বিশ্বকাপের কারণে জাতীয় ক্রিকেটারদের কাউকেই পায়নি জাতীয় লিগ।
খেলার কথা ছিল শুধু প্রথম রাউন্ড। অস্ট্রেলিয়া সিরিজ স্থগিত হয়ে যাওয়াটা শাপেবর হয়েছে জাতীয় লিগের জন্য। দ্বিতীয় রাউন্ডে সাকিব-মুশফিক ছাড়া খেলেছেন জাতীয় দলের প্রায় সব খেলোয়াড়। তৃতীয় রাউন্ডে খেলবেন মাশরাফি বিন মুর্তজাও।
তবে মাঠের পারফরম্যান্সে তারকাদের চেনা যায়নি। বৃষ্টিবিঘ্নিত প্রথম রাউন্ডে ঢাকা বিভাগের বিপক্ষে একমাত্র ইনিংসে খুলনার সাকিব করলেন মাত্র ১৩ রান। ১৬ ওভারে ৪৯ রান দিয়ে মাত্র ১ উইকেট—বল হাতেও চেনা গেল না তাঁকে। ৭ বছরের মধ্যে জাতীয় লিগে মাত্র দ্বিতীয় ম্যাচ খেলেই ছুটি নিয়ে নিলেন সাকিব।
দ্বিতীয় রাউন্ডে খেলেননি টেস্ট অধিনায়ক মুশফিকও। প্রথম রাউন্ডে তাঁকেও চিনতে হয়েছিল নাম দেখে। রাজশাহীর হয়ে বরিশালের বিপক্ষে একমাত্র ইনিংসে ৩২।
প্রথম দুই রাউন্ডেই খেলেছেন তামিম ও মাহমুদউল্লাহ। প্রথম রাউন্ডে চট্টগ্রামের একমাত্র ইনিংসে তামিম ১৩ রান করতেই অপমৃত্যু ম্যাচের। পরের ম্যাচে ০ ও ৪। তবে রাজশাহীর বিপক্ষে এই ম্যাচের প্রথম ইনিংসে ৯০ রান করে নিজেকে চিনিয়েছেন ভারতফেরত মুমিনুল। ঢাকা মহানগরের অধিনায়ক মাহমুদউল্লাহ তিন ইনিংসে করেছেন সাকল্যে ৩৩ রান। ব্যর্থ তামিমের ওপেনিং সঙ্গী ইমরুলও (২৯ ও ৭)। তবে মুমিনুলের মতোই ভারত থেকে ফিরে ফিফটি পেয়েছেন রনি তালুকদার, লিটন দাস ও নাসির হোসেন।
জাতীয় দলের দুই বোলার মুস্তাফিজুর রহমান ও জুবায়ের হোসেন মোটামুটি ভালোই করেছেন। তৃতীয় রাউন্ডে বিশ্রাম পাওয়া বাঁহাতি পেসার মুস্তাফিজ দুই ম্যাচে নিয়েছেন ৮ উইকেট। এক ম্যাচ খেলেই ৭ উইকেট লেগ স্পিনার জুবায়েরের।