জাতীয় লিগে তারকাদের দুর্দশা চলছেই

অস্ট্রেলিয়া সিরিজ স্থগিত হওয়ায় জাতীয় লিগের দ্বিতীয় পর্বটা হলো তারকাময়। তবে প্রথম তিন দিনে জ্বলে উঠতে পারেননি অধিকাংশ তারকা। হঠাৎ পাওয়া এ ‘বিরতিতে অনুশীলনে’র কাজটা ভালোভাবেই সারতে পারতেন তামিম-সৌম্যরা। তা ঠিক হলো কি না, প্রশ্ন থেকেই যাচ্ছে।
জাতীয় লিগের চার ম্যাচেই রান উৎসব হয়েছে। তবে সেখানে জাতীয় দলের ব্যাটসম্যানদের খুব একটা জ্বলে উঠতে দেখা যায়নি। রাজশাহীতে চট্টগ্রামের ওপেনার তামিম ইকবাল দুই ইনিংস মিলিয়ে করেছেন মাত্র ৪ রান। জাতীয় দলের অন্য সদস্য মুমিনুল হক প্রথম ইনিংসে ৯০ রান পেলেও দ্বিতীয় ইনিংসে ১৬ রানে ফিরেছেন। রাজশাহীর হয়ে খেলতে নামা সাব্বির রহমান করেছেন ২ রান।
মিরপুরে খুলনা ও ঢাকার ম্যাচেও একই দৃশ্য। জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েস প্রথম ইনিংসে নিয়েছেন ৭ রান, তাঁর সঙ্গী এনামুল হকের সংগ্রহ ৩৭। আর সৌম্য সরকারের সাত বলে ১৪ রানের ইনিংসটি তাঁর জাতীয় দলের হয়ে সাম্প্রতিক ফর্মের সঙ্গে একেবারেই বেমানান। ঢাকা দলের হয়ে মাহমুদউল্লাহ করেছেন মাত্র ৩ রান।
বগুড়াতে অবশ্য জাতীয় দলের মান রেখেছেন লিটন দাস ও নাসির হোসেন। প্রথম ইনিংসে লিটন করেছেন ফিফটি, মিডল অর্ডারে নাসিরের সংগ্রহ ৭৩। ঢাকার শুভাগত হোম ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে দুই উইকেট নিয়েছেন। জাতীয় দলে ব্রাত্য হয়ে পড়া দুই ওপেনার শাহরিয়ার নাফীস ও জুনায়েদ সিদ্দিকী অবশ্য রান পেয়েছেন। প্রথম ইনিংসে নাফীসের সংগ্রহ ৫২, জুনায়েদের ৮১ ।
বল হাতে বোলাররা অবশ্য আশা দেখাচ্ছেন। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও খুলনার হয়ে ভালো করেছেন মুস্তাফিজুর রহমান। ঢাকা মেট্রোর প্রথম ৫ উইকেটের তিনটি নিয়েছেন মুস্তাফিজ। ঢাকা মেট্রোর হয়ে প্রথম ইনিংসে মোহাম্মদ শহীদ নিয়েছেন চার উইকেট। চট্টগ্রামের হয়ে প্রথম ইনিংসে জুবায়েরের সংগ্রহ চার উইকেট।
জাতীয় লিগের এই পর্বে খেলছেন না জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।