জাতীয় লিগের বৃষ্টিভেজা শুরু
বৃষ্টিকে সঙ্গী করেই মাঠে গড়াল জাতীয় ক্রিকেট লিগের ১৮তম আসর। কাল চার ভেন্যুর তিনটিতেই বৃষ্টির কারণে পুরো খেলা হতে পারেনি। সবচেয়ে কম খেলা হয়েছে বগুড়ায় ঢাকা বিভাগ ও ঢাকা মহানগরের ম্যাচে। বেলা একটা থেকে আড়াইটা পর্যন্ত মাত্র ১৫ ওভার খেলা হয়েছে এখানে। তাতে ২ উইকেট হারিয়ে ৪৭ রান তুলেছে মহানগর। একাদশে থাকলেও এখনো ব্যাটিংয়ে নামেননি নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা মোহাম্মদ আশরাফুল।
খুলনায় প্রথম স্তরের অন্য ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন খুলনার বিপক্ষে ৪৩ ওভারে ৩ উইকেটে ১৬৫ রান তুলেছে বরিশাল। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৭৬ রানে অপরাজিত ছিলেন জোড়া সেঞ্চুরিতে সর্বশেষ মৌসুম শেষ করা শাহরিয়ার নাফীস। শাহরিয়ারের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৪৬ রানের জুটি গড়া ফজলে রাব্বী আউট হয়েছেন ৮২ রানে।
রাজশাহীতে দ্বিতীয় স্তরে রাজশাহী-সিলেট ম্যাচে মাত্র ২৭.৩ ওভার খেলা হয়েছে। স্বাগতিক রাজশাহী ২ উইকেট হারিয়ে তুলেছে ৯৪ রান। বৃষ্টি বাগড়া দেয়নি শুধু সিলেটে চট্টগ্রাম-রংপুর ম্যাচে। ৫ উইকেটে ২৯৪ রান তুলে দিন শেষ করেছে চট্টগ্রাম। সর্বোচ্চ ৯০ রান পাঁচ নম্বর ব্যাটসম্যান ইয়াসির আলীর। এ ছাড়া ফিফটি পেয়েছেন তাসামুল হক।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা মহানগর-ঢাকা বিভাগ, বগুড়া
ঢাকা মহানগর ১ম ইনিংস: ১৫ ওভারে ৪৭/২ (সাদমান ১৮*, আসিফ ১৫; শরীফ ২/১৮)।
খুলনা-বরিশাল, খুলনা
বরিশাল ১ম ইনিংস: ৪৩ ওভারে ১৬৫/৩ (ফজলে রাব্বী ৮২, শাহরিয়ার ৭৬*; মেহেদী ১/০)।
চট্টগ্রাম-রংপুর, সিলেট
চট্টগ্রাম ১ম ইনিংস: ৮৭ ওভারে ২৯৪/৫ (ইয়াসির ৯০, তাসামুল ৫২, মুমিনুল ৪৬, নাজিমউদ্দিন ৪৩; আলাউদ্দিন ২/৪৯)।
রাজশাহী-সিলেট, রাজশাহী
রাজশাহী ১ম ইনিংস: ২৭.৩ ওভারে ৯৪/২ (ফরহাদ হোসেন ৩০*, জুনায়েদ ২৬*; এবাদত ১/১৫)।