জাদেজা-রায়নাকে আগলেই রাখছে বিসিসিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কদিন আগে মিরপুরে অনুশীলনে রায়না-জাদেজা; দুজনের বিরুদ্ধে উঠেছে ঘুষ নেওয়ার অভিযোগ। ফাইল ছবি
কদিন আগে মিরপুরে অনুশীলনে রায়না-জাদেজা; দুজনের বিরুদ্ধে উঠেছে ঘুষ নেওয়ার অভিযোগ। ফাইল ছবি

বিরাট বেকায়দায় পড়েছেন সুরেশ রায়না এবং রবীন্দ্র জাদেজা। ললিত মোদীর ই-মেইল ফাঁস হয়ে যাওয়ার পর তুমুল হইচই চারদিকে। গুরুতর অভিযোগ তাঁদের বিরুদ্ধে। দুজনই নাকি ঘুষ নিয়েছিলেন! তবে অভিযুক্ত দুই ক্রিকেটারকে আগলেই রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর বলেছেন, ‘উল্লিখিত খেলোয়াড়দের বিরুদ্ধে লোলিত মোদীর যে অভিযোগ, সেটির বিচারের ভার আইসিসির।’ ঠাকুর এও দাবি করেন, এ ব্যাপারে ওই খেলোয়াড়দের বিরুদ্ধে আইসিসি কোনো তথ্য বিসিসিআইকে দেয়নি। বিসিসিআইও এ ব্যাপারে আলাদাভাবে কোনো তদন্ত চালাবে না। মোদির অভিযোগের সপক্ষে আইসিসি যতক্ষণ না তথ্য-প্রমাণ দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিসিসিআই জাদেজা-রায়নাকে আগলেই রাখছে। অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত বিসিসিআইয়ের চোখে তাঁরা নির্দোষ।
অনুরাগ ঠাকুর যে বলছেন, আইসিসি কোনো তথ্য দেয়নি, বিষয়টি আসলে কতটা সত্য? কেননা, ফাঁস হওয়া ওই মেইলটি মোদী করেছিলেন আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনকে। সেখানে তিনি সরাসরিই আবাসন প্রতিষ্ঠান এইচডিএলের কাছ থেকে রায়না, জাদেজা ও ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভোর ঘুষ নেওয়ার অভিযোগ করেছিলেন। মোদী আকসুর মাধ্যমে ওই ক্রিকেটারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধও জানিয়েছিলেন রিচার্ডসনকে।
গতকাল আইসিসি স্বীকার করে নিয়েছে, মোদীর ফাঁস হয়ে যাওয়া ই-মেইল তারা পেয়েছিল। এবং নিয়মমতো সেটা ভারতীয় বোর্ডের দুর্নীতি দমন শাখার কাছে পাঠিয়েও দেওয়া হয়েছিল। সেটিও দুই বছর আগের ঘটনা। শ্রীশান্তসহ ভারতের বেশ কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে যখন নিয়মমাফিক আইনি প্রক্রিয়া চলছে, তখন এই দুই তারকা ক্রিকেটারের বিরুদ্ধে কেন ভারতীয় বোর্ড কোনো পদক্ষেপ নিল না, সেই প্রশ্ন উঠছে। হতে পারেন দুজনই নির্দোষ, মোদির অভিযোগ সর্বৈব মিথ্যা। অভিযোগটি সত্যি নাকি মিথ্যা, সেটি প্রমাণ করার উদ্যোগ তো নিতে হবে। বাকিদের নিয়ে তদন্ত করা হলেও গত দুই বছর ধরে বিষয়টি কেন আড়ালে থাকল, প্রশ্ন উঠেছে তা নিয়েও।