জাদেজার জরিমানা
শাস্তিটা প্রথম পেলেন রবীন্দ্র জাদেজাই। জেমস অ্যান্ডারসনের সঙ্গে ঝামেলায় জড়ানো ভারতীয় অলরাউন্ডারকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি ডেভিড বুন। কাল এ শাস্তি ঘোষণা করেছে আইসিসি। ট্রেন্ট ব্রিজের প্রথম টেস্টের ওই ঘটনার পর অ্যান্ডারসন ও জাদেজার বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ এনেছিল ভারত ও ইংল্যান্ড। অ্যান্ডারসনের বিপক্ষে আনা অভিযোগের শুনানি হবে সাউদাম্পটনে তৃতীয় টেস্ট শেষে, ১ আগস্ট।
ইংলিশরা জাদেজার বিরুদ্ধে আইসিসির আচরণবিধির লেভেল টু ভঙ্গের অভিযোগ এনেছিল। তবে ম্যাচ রেফারি শাস্তি দিয়েছেন লেভেল ওয়ান অপরাধের। লেভেল টু মাত্রার অপরাধের জন্য এক ম্যাচ নিষিদ্ধ হতে পারতেন জাদেজা। কিন্তু এখন শুধু ‘খেলার চেতনাবিরোধী আচরণের’ জন্য জরিমানা হলো ২৫ বছর বয়সী এ অলরাউন্ডারের।
ম্যাচ রেফারি ডেভিড বুন শাস্তি ঘোষণা করতে গিয়ে বলেছেন, লেভেল টু মাত্রার আচরণবিধি ভঙ্গের কোনো প্রমাণ মেলেনি। পরশু সাউদাম্পটনে দুই খেলোয়াড়, তাদের আইনজীবী ও ভারত এবং ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রায় আড়াই ঘণ্টা শুনানি হয়েছে। এএফপি, ক্রিকইনফো।
অবশ্য জাদেজার এই শাস্তির বিপক্ষে আপিল করবে বিসিসিআই। এর আগে গত বছরের নভেম্বরেও লেভেল ওয়ান মাত্রার অপরাধে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা গুনেছেন জাদেজা।