জাদেজার পাশে ধোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্র জাদেজার শাস্তিটা মানতেই পারছেন না মহেন্দ্র সিং ধোনি। ট্রেন্ট ব্রিজে জেমস অ্যান্ডারসনের সঙ্গে ঝামেলায় জড়ানোয় জাদেজাকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি ডেভিড বুন। কিন্তু ধোনি এই শাস্তির সিদ্ধান্তকে বলছেন ‘দুঃখজনক সিদ্ধান্ত।’

‘আমার দৃষ্টিতে এটা খুবই দুঃখজনক একটা সিদ্ধান্ত। এ ঘটনার বিচারের সময় অনেক কিছুই উপেক্ষা করা হয়েছে’—বলেছেন ভারত অধিনায়ক। ঘটনার বর্ণনা দিতে গিয়ে ধোনি বলেছেন, ‘আম্পায়াররা লাঞ্চের ঘোষণা দিলে আমরা হাঁটতে শুরু করি। আমি কারও নাম বলতে চাইছি না। তবে আমরা হাঁটা শুরু করলে ওদিক থেকে আরেকজন জাদেজাকে লক্ষ্য করে আজেবাজে কথা বলতে থাকে।’ ধোনির মতে, ওই ঘটনায় জাদেজা কোনোভাবেই আক্রমণাত্মক আচরণ করেননি।

জাজেদার বিরুদ্ধে লেভেল ওয়ান পর্যায়ের অভিযোগ আনায় এই শাস্তির বিরুদ্ধে আপিলও করতে পারবে না ভারত। তবে বিসিসিআইর পক্ষ থেকেও পাল্টা অভিযোগ জমা দেওয়া হয়েছে অ্যান্ডারসনের বিরুদ্ধে এবং সেটা লেভেল থ্রি পর্যায়ের। আগামী ১ আগস্ট অ্যান্ডারসনের শুনানি হওয়ার কথা। ক্রিকইনফো।