জাদেজার বাঁ হাতের খেল

স্পিনারদের কাঁধে চড়ে কলম্বো টেস্ট জিতল ভারত। আরও স্পষ্ট করে বললে—রবীন্দ্র জাদেজার বাঁ হাতে!
এক দিন হাতে রেখেই কলম্বো টেস্ট জিতে নিল ভারত। মাত্র আট দিনে জিতল সিরিজ। যার ছয় দিন শ্রীলঙ্কা একদমই লড়াই করতে পারেনি। শেষ দুদিন প্রতিরোধ গড়ার চেষ্টা করেও সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে চা বিরতির কিছুক্ষণ আগে অলআউট হয়ে গেল। ইনিংস ও ৫৩ রানে জিতল ভারত। ২০১৫ সালের পর প্রথম ঘরের মাঠে টেস্ট সিরিজ হারল শ্রীলঙ্কা। দুই বছর আগে সেই সিরিজের বিজয়ী দলও ভারত।
প্রথম ইনিংসে ১৮৩ রানে অলআউট হওয়ার পর ফলোঅন করতে নামা শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে মেন্ডিস-করুণারত্নের ব্যাটিংয়ে প্রতিরোধ গড়ে। এই দুজনের ১৯১ রানের জুটির পর অবশ্য শ্রীলঙ্কার আবারও এখনকার চেনা চেহারায়। ৭৬ রানে পড়েছে শেষ ৬ উইকেট। ৩৮৬ রানে অলআউট শ্রীলঙ্কা। ক্যারিয়ারে নবমবারের মতো ৫ উইকেট তুলে নিলেন জাদেজা।

শ্রীলঙ্কার ব্যাটে প্রতিরোধ ছিল গতকাল। চতুর্থ দিনের শুরুতে সেঞ্চুরি তুলে নিয়েছেন দিমুথ করুণারত্নে। মালিন্দা পুষ্পকুমারাও টেস্টের মেজাজেই ছিলেন। কিন্তু কলম্বোর স্পিনিং উইকেটে শেষ দুই দিন টিকে থাকা কঠিনেরও বেশি কিছু ছিল। শ্রীলঙ্কা কত দূর প্রতিরোধটা টেনে নিতে পারে, সেটাই ছিল দেখার।
দিনের প্রথম আঘাত হানলেন অশ্বিন। এরপর থেকে শুধু আসা-যাওয়ার মিছিল। চান্ডিমাল, ম্যাথুস কিংবা ডিকভেলা কেউই প্রতিরোধ গড়তে পারেননি। ১৪১ রান করে আউট হয়েছেন করুণারত্নে। দুই সেঞ্চুরিয়ান বাদে লঙ্কানদের সর্বোচ্চ রান অ্যাঞ্জেলো ম্যাথুসের ৩৬।

অপরাজিত ৭০ রানের ইনিংস আর ম্যাচে ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরা জাদেজা। সিরিজের শেষ টেস্ট শুরু ১২ আগস্ট, পাল্লেকেলেতে।