জানতেন না হেলস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংল্যান্ড রেকর্ড গড়ে জিতেছে অ্যালেক্স হেল্‌সের ১৭১ রানের অসাধারণ এক ইনিংসের সৌজন্যে। এ ইনিংসটির একটা স্মারক ইংল্যান্ড ওপেনারের কাছে থাকাই উচিত। জয়ের পর স্মারক হিসেবে তাঁর হাতে উঠল একটি স্টাম্প l রয়টার্স
ইংল্যান্ড রেকর্ড গড়ে জিতেছে অ্যালেক্স হেল্‌সের ১৭১ রানের অসাধারণ এক ইনিংসের সৌজন্যে। এ ইনিংসটির একটা স্মারক ইংল্যান্ড ওপেনারের কাছে থাকাই উচিত। জয়ের পর স্মারক হিসেবে তাঁর হাতে উঠল একটি স্টাম্প l রয়টার্স

গত দুই মাস মোটেও ভালো যায়নি অ্যালেক্স হেলসের। জুনে শ্রীলঙ্কা সিরিজের তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন। এরপরই রানখরা শুরু হলো ইংলিশ ওপেনারের। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ৮ ইনিংসে মাত্র ১৪৫ রান। ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেও সাতের নামতা পড়ে ৭ আর ১৪। তাঁর কাছে দেনা জমছিল ইংল্যান্ড দলের। রেকর্ড গড়েই সে দায় শোধ করলেন হেলস, সেটি ঘরের মাঠ ট্রেন্ট ব্রিজে।

পরশু ১২২ বলে ১৭১ রান করে রবিন স্মিথের ২৩ বছরের পুরোনো ইংলিশ রেকর্ড ভেঙেছেন হেলস। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৯৩ সালে ১৬৭ রান করেছিলেন স্মিথ। সে রেকর্ড আর ভাঙছিলই না। হেলসের ওপেনিং সঙ্গী জেসন রয় শ্রীলঙ্কার বিপক্ষেই ১৬২ রান করে হুমকি দিয়েছিলেন রেকর্ড ভাঙার, কিন্তু তা আর হয়নি। হেলস এদিন জানতেনই না এমন ঐতিহাসিক মুহূর্তের সামনে তিনি, ‘না, ওই সময় জানতাম না বিষয়টি। মাঠজুড়ে যখন উল্লাসধ্বনি ছড়িয়ে পড়ল, তখন বুঝেছি কিছু একটা হচ্ছে, কিন্তু সেটা কী বুঝতে পারিনি। জানতাম রেকর্ডটি ১৬০-এর ঘরে, রয় রেকর্ডের কাছাকাছি গিয়েছিল এটাও জানতাম। আজ (পরশু) এই মাইলফলক ছোঁয়ার অনুভূতিটা অন্য রকম।’

হেলসের রেকর্ড নিয়ে ইংল্যান্ড দলও গড়েছে বিশ্ব রেকর্ড। জো রুট (৮৫), জস বাটলার (৯০*) ও এউইন মরগানের (৫৭*) ঝোড়ো ব্যাটিংয়ে ৪৪৪ রান করেছে ইংল্যান্ড, ওয়ানডেতে সর্বোচ্চ রানের ইনিংস এটি। তবু হেলসের দাবি, ইংল্যান্ডের সেরাটা এখনো দেখেনি বিশ্ব! পাকিস্তানকে ধবলধোলাই করতে চান তাঁরা, ‘তিন ম্যাচেই সিরিজ জয় দারুণ ব্যাপার, কিন্তু আমরা নির্দয় হতে চাই, জিততে চাই ৫-০-তে। এখনো নিজেদের সেরা অবস্থানে যাইনি আমরা।’

এমন পারফরম্যান্সের পরও তাই বাংলাদেশ সফরের টেস্ট দলে জায়গা নিয়ে নিশ্চিত নন হেলস, ‘দুটি ভিন্ন সংস্করণ, তবু সাদা বলে রান করাটাও খারাপ না। আশা করি, টেস্টে আরও সুযোগ পাব আমি।’ তবে সুযোগ পেলেও বাংলাদেশ সফর নিয়ে দোটানায় আছেন, ‘এটি কঠিন সিদ্ধান্ত। যদি না যাওয়ার সিদ্ধান্ত নিই, তাহলে দলে জায়গা হারানোর সম্ভাবনা আছে। আমি এখনো সিদ্ধান্ত নিতে পারিনি।’

অধিনায়ক মরগান অবশ্য বর্তমান নিয়েই খুশি, ‘হেলস অসাধারণ এক ইনিংস খেলেছে। যেকোনো সংস্করণ, বিশেষ করে ওয়ানডেতে ১৭১ রান অসাধারণ ব্যাপার।’ পাকিস্তান অধিনায়ক আজহার আলীর অবস্থা ঠিক উল্টো, হেলসদের প্রশস্তির সঙ্গে নিজেদের দোষও খুঁজতে হচ্ছে তাঁকে, ‘হেলস ও বাটলার অসাধারণ খেলেছে। কিন্তু আমরাও গুরুত্বপূর্ণ কিছু সুযোগ হাতছাড়া করেছি।’ এএফপি, গার্ডিয়ান।

দলীয়সর্বোচ্চ রানের ম্যাচে অন্য যত রেকর্ড৪৪৪

১৭১ ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অ্যালেক্স হেল্‌স

২২ বলের হিসাবে ইংল্যান্ডের পক্ষে দ্রুততম ফিফটি জস বাটলার

২৪৮ পাকিস্তানের বিপক্ষে যেকোনো জুটিতে ইংল্যান্ডের সর্বোচ্চ রান হেলস–রুট

৫৮ ওয়ানডেতে ১১ নম্বর ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস মোহাম্মদ আমির

১১০ ওয়ানডেতে দ্বিতীয় খরুচে বোলিং ওয়াহাব রিয়াজ