জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ানডে সিরিজ খেলতে জানুয়ারিতে জিম্বাবুয়ে সফর করবে বাংলাদেশ? ছবি: এএফপি
ওয়ানডে সিরিজ খেলতে জানুয়ারিতে জিম্বাবুয়ে সফর করবে বাংলাদেশ? ছবি: এএফপি

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটা শেষ হবে ১ ডিসেম্বর। এরপর খেলোয়াড়েরা ব্যস্ত হয়ে পড়বেন ঢাকা প্রিমিয়ার লিগে। তারপর ২৪ জানুয়ারি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় উড়াল দেবে বাংলাদেশ দল। তবে বিশ্বকাপের আগে কিছুটা সময় ফাঁকা পড়ে আছে। এ ফাঁকা সময়ে বাংলাদেশকে তাদের ঘরের মাঠে একটি ওয়ানডে সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে জিম্বাবুয়ে।
বিসিবি সভাপতি নাজমুল হাসান এ প্রসঙ্গে বললেন, ‘এখন আমরা যে উইকেটে খেলছি এটি ২০১৫ বিশ্বকাপের উইকেট তুলনায় ভিন্ন। বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে তাদের ঘরের মাঠে আমাদের ওয়ানডে সিরিজ খেলার প্রস্তাব করেছে। অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে জিম্বাবুয়ের কন্ডিশনের অনেক মিল। প্রস্তাবটা ভালো লেগেছে। তবে তার আগে বিসিবির ক্রিকেট অপারেশন কমিটি ও কোচের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করতে হবে। এরপর সিদ্ধান্ত হবে জিম্বাবুয়ে সফরে যাব কি না।’ যদি সব ঠিকঠাক মিলে যায়, তবে ১০ জানুয়ারির পরেই হয়তো এ সিরিজটা হতে পারে।
এ দিকে বোর্ডপ্রধান আজ সাংবাদিকদের বলেছেন, জিম্বাবুয়ে সিরিজে সাকিবের যা পারফরম্যান্স, তাতে বিদেশি লিগে খেলার অনুমতি চেয়ে আবেদন করলে সাকিবকে না করাটা তাঁদের পক্ষে কঠিন হবে। সাকিবের শাস্তির ব্যাপারে নাজমুল বলেন, ‘ও আমাকে মৌখিকভাবে জানিয়েছিল যে একটা চিঠি দিতে চায়। ওকে বলেছিলাম খেলার ওপর সব নির্ভর করবে। এখন যেহেতু সে দুইটা ম্যাচে ভালো খেলেছে, ফলে সাকিব আবেদন করলে আমাদের ‘‘না’’ করাটা কঠিন হবে।’ এ ছাড়া সাকিবের মধ্যে কিছু ইতিবাচক পরিবর্তনও নাকি লক্ষ করেছেন তিনি, যেগুলোর প্রতিফলন দেখা যাচ্ছে মাঠে।