জাভেদের ব্যাটে ঝড়
খেলোয়াড়ি জীবনে জাভেদ ওমরের পরিচিতি ছিল ধীরলয়ের ব্যাটসম্যান হিসেবে। টি-টোয়েন্টির উত্তাপ বুঝি স্পর্শ করল বাংলাদেশ দলের সাবেক এই ওপেনারকেও। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে স্বাধীনতা দিবস ক্রিকেটে ব্যাটে ঝড় তুলে ৫৭ বলে করেছেন ৭৭ রান। ইনিংসটি বৃথাও যায়নি। বিসিবি লাল দলের বিপক্ষে জাভেদের সবুজ দল জিতেছে ১৯ রানে।
দারুণ ইনিংস খেলে জাভেদের চোখেমুখে তৃপ্তি, ‘যেকোনো জাতীয় দিবসের ক্রিকেট ভীষণ উপভোগ করি। সেভাবেই খেলেছি আজ (কাল)।’ জাভেদের ইনিংসে কোনো ছক্কা নেই, মেরেছেন ৯টি চার। স্ট্রাইক রেট ১৩৫.০৮। তাঁর ফিফটিতে সবুজ দল করেছে ২০ ওভারে ৪ উইকেটে ১৬৮, মেহরাব হোসেনের ৬৩ রান নিয়েও লাল দল ১৪৯ রানে অলআউট।
খেলোয়াড়ি জীবনে তিনে নামা হাবিবুল বাশার লাল দলের হয়ে ওপেন করেছেন। থিতু হয়েও বর্তমান বাংলাদেশ দলের এই নির্বাচক ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে বোল্ড হয়ে যখন ড্রেসিংরুমে ফিরছিলেন, গ্যালারি থেকে কেউ একজন রসিকতা করে বললেন, ‘কী খেললেন, পরের ম্যাচে তো বাদ!’
এমন ম্যাচে জয়-পরাজয় গুরুত্বপূর্ণ নয়। জাতীয় দিবসের ক্রিকেট মানেই সাবেকদের মিলনমেলা, ২২ গজে পুরোনো স্মৃতি ফিরিয়ে আনা।