জাম্বোর মাথায় ব্যান্ডেজ, ভাঙা চোয়াল...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাঙা চোয়াল নিয়ে বল করেই ব্রায়ান লারাকে আউট করে দিলেন অনিল কুম্বলে। ২০০২ সালে অ্যান্টিগা টেস্টে l ফাইল ছবি
ভাঙা চোয়াল নিয়ে বল করেই ব্রায়ান লারাকে আউট করে দিলেন অনিল কুম্বলে। ২০০২ সালে অ্যান্টিগা টেস্টে l ফাইল ছবি

বলটা প্যাডে লাগতেই জোরালো আপিল। ডেভিড শেফার্ড তর্জনী তুলে দিলেন। এক মুহূর্ত নিজের পায়ের দিকে তাকিয়ে ড্রেসিংরুমে হাঁটা দিলেন ব্রায়ান লারা। অনিল কুম্বলেকে ঘিরে তখন সতীর্থদের উল্লাস। মুহূর্তটা আলাদাভাবে জায়গা করে নিল ক্রিকেটের চিরকালীন অ্যালবামে।
টেস্ট ক্রিকেটে ৬১৯টি উইকেট আছে তাঁর। ১৫৬টিই এলবিডব্লুর ফাঁদে ফেলে। কিন্তু ২০০২ সালের অ্যান্টিগা টেস্টে কুম্বলের নেওয়া লারার উইকেটটির সঙ্গে অন্যগুলোকে মেলানো যাবে না। খ্যাতনামা ক্রিকেটলেখক সুরেশ মেনন তখন রসিকতা করে লিখেছিলেন, ‘আর এভাবেই টানা ১৪ ওভার বল করে ইতিহাসে প্রথম বোলার হিসেবে ভাঙা চোয়াল নিয়ে ব্রায়ান লারাকে আউট করলেন কুম্বলে।’ রসিকতাই, তবে এর মধ্যেই লুকিয়ে থাকল কুম্বলের বীরত্ব, দলের প্রতি আত্মনিবেদন, দেশের প্রতি ভালোবাসা আর লড়াকু মানসিকতার গল্প।
সেবার অ্যান্টিগা টেস্টে ব্যাট করার সময় মারভিন ডিলনের বাউন্সারের ছোবলে ভূপাতিত হয়েছিলেন কুম্বলে। উইকেটে ছোপ ছোপ রক্তের দাগ। সাময়িক শুশ্রূষা নিয়ে কুম্বলে আরও ২০ মিনিট ব্যাট করেন আউট হওয়ার আগ পর্যন্ত। পরে দেখা গেল, যতটা ভাবা হয়েছিল আঘাত তার চেয়ে গুরুতর। চোয়াল ভেঙেছে। দাঁতও।
কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ‘জাম্বো’ ঠিকই পরে বোলিং করতে নামলেন। মাথা ও চোয়ালের বেশির ভাগটাই সাদা ব্যান্ডেজে বাঁধা। মাঠের পাশ থেকে ভারতীয় দলের ফিজিও অ্যান্ড্রু লিপাস নিজেই সবচেয়ে বেশি অবাক। এ অবস্থায় নড়াচড়া না করলেই ভালো হতো। কুম্বলে ব্যথানাশক ইনজেকশন নিয়ে খেলছেন। দাঁতগুলো তার দিয়ে বেঁধে দিয়েছেন স্থানীয় দন্তচিকিৎসক।
ওই অবস্থাতেই টানা বোলিং করে যান কুম্বলে। উইকেট না পেলেও ক্ষতি ছিল না। বল করাটাই তো অনেক। কিন্তু ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরাদের একজনের উইকেট দিয়েই কুম্বলেকে যেন সম্মান জানাতে চেয়েছিল ক্রিকেট-বিধাতা। পরে কার্ল হুপারের উইকেটটাও প্রায় তুলেই নিয়েছিলেন। কিন্তু শর্ট লেগে ক্যাচ তুলে দেওয়া হুপার বেঁচে যান নো-বলের কারণে।
ম্যালকম মার্শালকে এক হাতে প্লাস্টার বেঁধে অন্য হাতে বল আর ব্যাট করতে দেখা ভিভ রিচার্ডসই পরে বলেছিলেন, ‘এটা (কুম্বলের বোলিং) ছিল ক্রিকেট মাঠে আমার দেখা সবচেয়ে সাহসী ব্যাপারগুলোর একটি।’
পাঁচ ম্যাচ সিরিজ ১-১ অবস্থায় থেকে চতুর্থ টেস্ট খেলতে নেমেছিল ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটা তাই গুরুত্বপূর্ণ ছিল দুই দলের জন্যই। কেউই হারতে চায়নি। কিন্তু এতটা গুরুত্বপূর্ণও ছিল না যে কয়েক দিনের মধ্যেই অস্ত্রোপচারের টেবিলে শুতে হবে, এমন একজনকে মাঠে নামতেই হবে। সেদিন কুম্বলের ভাঙা চোয়ালের চিকিৎসা যিনি করেছিলেন সেই ড. রাজ জামুলার স্মৃতিচারণা, ‘মুখের ভেতরে তার দিয়ে বেঁধে দিতেই ওর ভাবভঙ্গি যেন বদলে গেল। বলল, একদমই আর ব্যথা অনুভব করছে না। সবচেয়ে মজার ব্যাপার, সটান দাঁড়িয়ে গিয়ে কয়েকবার হাত ঘুরিয়ে দেখে নিল বল করতে পারবে কি না!’

অধিনায়ক সৌরভ গাঙ্গুলী চাননি। কিন্তু ঠিকই মাঠে নেমে যান কুম্বলে। টেস্ট ড্রয়ের পর অস্ত্রোপচারের উদ্দেশ্যে দেশে ফেরার আগে বলেছিলেন, ‘অন্তত এই তৃপ্তি নিয়ে এখন দেশে ফিরতে পারব, আমি আমার সর্বোচ্চ চেষ্টাটাই করেছি।’

সেই লড়াকু কুম্বলে, সেই অ্যান্টিগারই আরেকটি মাঠে ভারতীয় দলের হয়ে আরেক অধ্যায় শুরুর অপেক্ষায়। কোচ হিসেবে আজ অভিষেক হচ্ছে তাঁর। অন্য মাঠ হলেও স্বাভাবিকভাবেই ফিরে আসছে ১৪ বছর আগের স্মৃতি। কুম্বলে মজা করে বলেছেন, ‘লারা আউট হয়েছিল সম্ভবত আমার ব্যান্ডেজ-বাঁধা মুখের দিকে তাকাতে গিয়ে বলে মনোযোগ দেওয়ার কথা ভুলে গিয়েছিল বলেই। হয়তো আমার ওই চেহারা ওকে ভয় পাইয়ে দিয়েছিল।’ সূত্র: উইজডেন।