জালাল-উদ-দিনের সেই কীর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জালাল-উদ-দিন, সাম্প্রতিককালে। ছবিঃ ক্রিকেট কাউন্ট্রি।
জালাল-উদ-দিন, সাম্প্রতিককালে। ছবিঃ ক্রিকেট কাউন্ট্রি।

১৯৮২ সালে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর। হায়দরাবাদের নিয়াজ স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে পাকিস্তানের ২২৯ রান তাড়া করছে অস্ট্রেলিয়া। ম্যাচের ওই সময়টায় অস্ট্রেলিয়ার রান ৪ উইকেটে ১৬২। বল করছেন ডানহাতি পেসার জালাল-উদ-দিন। ওটা ছিল তাঁর সপ্তম ওভার।
চতুর্থ বলে রডনি মার্শের স্টাম্প উড়ে গেল। পরের বলেই নতুন ব্যাটসম্যান ব্রুস ইয়ার্ডলি কট বিহাইন্ড আউট সুইঙ্গারে। হ্যাটট্রিক ঠেকাতে এলেন জিওফ লসন। কিন্তু বল স্টাম্পের বাইরে দেখে ছেড়ে ছিলেন। বিস্ময়কর ব্যাপার, হঠাৎ লেট সুইংয়ে বল উড়িয়ে নিয়ে গেল বেল! হ্যাটট্রিক। টেস্ট ক্রিকেট তত দিনে ১৭টি হ্যাটট্রিক দেখে ফেলেছে। কিন্তু ওয়ানডেতে ওটাই প্রথম। জালাল-উদ-দিন যে কীর্তিটা গড়েছিলেন ৩৪ বছর আগে আজকের এই দিনে—২০ সেপ্টেম্বর।
মজার ব্যাপার হচ্ছে, বহুদিন পর এক সাক্ষাৎকারে জালাল-উদ-দিন বলেছিলেন, ‘তখন শুধু হ্যাটট্রিকের আনন্দটাই ছিল। জানতাম না সেটিই প্রথম হ্যাটট্রিক। ম্যাচের পরদিন অনেকে রেকর্ড-টেকর্ড ঘেঁটে জানালেন আমিই প্রথম। আনন্দ দ্বিগুণ হয়ে গেল।’
অথচ ওয়ানডেতে এই ইতিহাস গড়েছেন যিনি, তাঁর খেলারই কথা ছিল না ওই ম্যাচে। সুইং বোলার, বোলিং করতেন চশমা পরে। ১৯৮২ সালের জুলাইয়ে ওয়ানডে অভিষেক হলো শ্রীলঙ্কার বিপক্ষে। ৩৩ ওভারের ম্যাচ ছিল সেটা, জালাল-উদ-দিন ৫ ওভার বোলিং করে পেয়েছিলেন ১ উইকেট। ওই মাসেই ইংল্যান্ড সফরের পাকিস্তান দলে ছিলেন, কিন্তু ম্যাচ খেলার সুযোগ পাননি। আবার ডাক পেলেন অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরের সময়। এবারও বসেই থাকতে হতো। কিন্তু ইমরান খানের চোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে নেতৃত্ব পেলেন জহির আব্বাস, আর হায়দরাবাদের ম্যাচে একাদশে ঢুকে গেলেন জালাল-উদ-দিন। বাকিটা তো ইতিহাসই। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতেই হ্যাটট্রিক! শুধু ওয়ানডে ইতিহাসের প্রথমই নয়, বহুদিন ওটাই ছিল ওয়ানডের দ্রুততম হ্যাটট্রিকও। পরে ২০১৪ সালের ডিসেম্বরে ওয়ানডে অভিষেকেই জিম্বাবুয়ের বিপক্ষে হ্যাটট্রিক করে তাঁকে ছাড়িয়ে যান বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম। গত বছর তাইজুলের কীর্তি স্পর্শ করেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদাও। 

দ্রুততম সময়ের হিসাবে এ তিনজনের কাছাকাছি আছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার অ্যান্থনি স্টুয়ার্ট। তিনি হ্যাটট্রিক করেছিলেন ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডেতে।
সব মিলিয়ে এখন পর্যন্ত ওয়ানডেতে হ্যাটট্রিক হয়েছে ৪০টি। জালাল-উদ-দিন শুরু করেছিলেন, সর্বশেষ হ্যাটট্রিকটি অস্ট্রেলিয়ার জেমস ফকনারের, গত মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে।
সবচেয়ে বেশি হ্যাটট্রিক পাকিস্তানি বোলারদের, এখন পর্যন্ত ৯ বার ওয়ানডেতে হ্যাটট্রিক করেছেন তাঁরা। এর পরেই আছে শ্রীলঙ্কা (৭ বার), অস্ট্রেলিয়া (৬), বাংলাদেশ (৪) ও ইংল্যান্ড (৪)। তবে সব কটি হ্যাটট্রিকই করেছেন টেস্টখেলুড়ে দেশের বোলাররা। আইসিসি সহযোগী সদস্য দেশের কেউ হ্যাটট্রিক করতে পারেননি এখনো।
বাংলাদেশের হয়ে ওয়ানডেতে চার হ্যাটট্রিকের প্রথমটি পেসার শাহাদাত হোসেনের, জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৬ সালে হারারেতে। এরপর তাইজুলের আগে আরও দুটি হ্যাটট্রিক করেছেন আব্দুর রাজ্জাক (প্রতিপক্ষ জিম্বাবুয়ে, ২০১০ সালে মিরপুরে) ও রুবেল হোসেন (প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ২০১৩ সালে মিরপুরে)।
ওয়ানডেতে একাই তিনটি হ্যাটট্রিক করেছেন শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। দুটি করে হ্যাটট্রিক আছে ওয়াসিম আকরাম, চামিন্দা ভাস ও সাকলায়েন মুশতাকের। ওয়ানডেতে হ্যাটট্রিকে পেসারদেরই রাজত্ব, স্পিনার আছেন মাত্র পাঁচজন—সাকলায়েন, তাইজুল, রাজ্জাক, প্রসপার উৎসেয়া ও জেপি ডুমিনি।