জাহানারাদের অঘটন ঘটানোর স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজই শুরু হয়ে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব। মেয়েদের উদ্বোধনী ম্যাচে আজ ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এই ম্যাচ নিয়ে নিজের প্রত্যাশা জানালেন বাংলাদেশ অধিনায়ক জাহানারা আলম l আইসিসি
আজই শুরু হয়ে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব। মেয়েদের উদ্বোধনী ম্যাচে আজ ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এই ম্যাচ নিয়ে নিজের প্রত্যাশা জানালেন বাংলাদেশ অধিনায়ক জাহানারা আলম l আইসিসি

পরিসংখ্যান কোনো আশার আলো দেখায় না। ভারতের মহিলা দলের বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টি কোনো ক্রিকেটেই জয় নেই বাংলাদেশের মেয়েদের। তিনটি ওয়ানডে ও সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে সবগুলোতেই হার। তব বাংলাদেশ অধিনায়ক জাহানারা আলমের কণ্ঠটা কাল বেশ সাহসী শোনাল চিন্নাস্বামী স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে।
বেঙ্গালুরুর এই স্টেডিয়ামেই আজ স্বাগতিক ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে কাল সংবাদ সম্মেলনে বাংলাদেশ মহিলা দলের অধিনায়কের কণ্ঠে ঝরল অঘটন ঘটানোর প্রতিজ্ঞা। এক বাক্যে তিনি বলে দিয়েছেন, ‘আমরা বিশ্বাস করি, কোনো কিছুই অসম্ভব নয়।’
সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মেয়েদের বিপক্ষে সাফল্য পেয়ে দারুণ উজ্জীবিত ভারতীয় মহিলা দল। দেশের মাটির বিশ্বকাপে ট্রফি জয়ই তাদের একমাত্র লক্ষ্য। সেই ভারতকে হারিয়ে জাহানারাদের অঘটন ঘটানোর স্বপ্নকে বাড়াবাড়ি মনে হতেই পারে। কিন্তু অধিনায়ক তাঁর বক্তব্যে অটল, ‘সন্দেহ নেই, বিশ্বকাপের শক্তিশালী দলগুলোরই একটি ভারত। তারপরও আমাদের বিশ্বাস, তাদের বিপক্ষেও আমরা সুযোগ তৈরি করতে পারব। কারণ, এটা পুরোপুরিই নতুন একট উপলক্ষ।’
আসল টুর্নামেন্টে নামার আগে বেঙ্গালুরুতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশের মেয়েরা। প্রথমটিতে শ্রীলঙ্কার কাছে হারলেও আয়ারল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচটা জিতেছে ৮ উইকেটের বড় ব্যবধানে। ভারত ম্যাচের আগে বাংলাদেশকে আত্মবিশ্বাস জোগাচ্ছে বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়নদের বিপক্ষে পাওয়া ওই জয়টাই। ‘জয় সব সময়ই অনুপ্রেরণাদায়ক। এই জয়টাই বলে দিচ্ছে, বিশ্বকাপের আগে খুব বেশি ম্যাচ খেলতে না পারলেও আমরা ঠিক পথে আছি’—বলেছেন জাহানারা।
ভারত ম্যাচের আগে যা একটু উদ্বেগ ফারজানা হকের চোট নিয়েই। শ্রীলঙ্কার বিপক্ষে চোট পেয়েছেন কাঁধে। তবে বল হাতে রুমানা আহমেদের ২ ম্যাচে ৭ উইকেট দিয়েছে তাঁর ফর্মে ফেরার ইঙ্গিত। তবে অধিনায়ক জাহানারার প্রত্যাশাটা সালমা খাতুনের কাছেই বেশি। সাম্প্রতিক সময়ে ফর্মে না থাকলেও সাবেক অধিনায়ককে প্রশংসায় ভাসিয়েছেন জাহানারা, ‘সে বড় ম্যাচের খেলোয়াড়। গত কয়েকটি টুর্নামেন্টে ভালো না করতে পারলেও তার সামর্থ্যে আমাদের আস্থা আছে। তার ফর্মে ফেরাটা সময়ের ব্যাপার।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নারী দল এ নিয়ে দ্বিতীয়বার খেলছে। ২০১৪ সালে খেলেছিল স্বাগতিক হিসেবে। আর এবার যোগ্যতা অর্জন করেই। থাইল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের বাছাইপর্বে রানার্সআপ হয়েছে জাহানারার দল। বিশ্বকাপে পারফরম্যান্স কেমন হবে, সেটা সময়ই বলবে। তবে আজ জাহানারার অঘটন ঘটানোর স্বপ্নপূরণ হলে, এই বিশ্বকাপ বাংলাদেশের মহিলা ক্রিকেটকে তুলে দিতে পারে নতুন উচ্চতায়। শুরুটা ভারতের বিপক্ষে জয়ের রঙে রঙিন হওয়া মানে তো পুরো বিশ্বকাপের জন্যই জ্বালানি ভরে নেওয়া!
বাংলাদেশ–ভারত
১৫ মার্চ, বিকেল ৪টা, বেঙ্গালুরু
বাংলাদেশ-ইংল্যান্ড
১৭ মার্চ, বিকেল ৪টা, বেঙ্গালুরু
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
২০ মার্চ, বিকেল ৪টা, চেন্নাই
বাংলাদেশ-পাকিস্তান
২৪ মার্চ, রাত ৮টা, দিল্লি