জাহানারাদের চোখে বড় স্বপ্ন

একটি জায়গায় মাশরাফি-সাকিবদের সঙ্গে জাহানারাদের মিল—গত মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ছেলেদের মতো বাংলাদেশের মেয়েরাও আছেন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। মেয়েরা সর্বশেষ ওয়ানডে খেলেছেন আরও আগে, গত বছরের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে। আয়ারল্যান্ড সফর দিয়ে ছয় মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন মেয়েরা। দুই ওয়ানডে ও দুই টি-টোয়েন্টির সিরিজ খেলতে আগামীকাল রাতেই দেশ ছাড়ছে জাহানারা আলমের দল।
এর আগে বাংলাদেশ মহিলা দল ২০১২ সালে আয়ারল্যান্ডে খেলেছে একটি করে ত্রিদেশীয় ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে সিরিজে আইরিশদের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলেও টি-টোয়েন্টিতে স্বাগতিক মেয়েদের হারিয়েছিল সালমা খাতুনের দল। এবারের অধিনায়ক জাহানারার লক্ষ্যটা আরও বড়। দুই সংস্করণেই আয়ারল্যান্ডকে ধবলধোলাই করতে চান তিনি। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সফর-পূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক বললেন, ‘দুটি ওয়ানডের পাশাপাশি দুটি টি-টোয়েন্টি ম্যাচও আছে। আমরা চারটি ম্যাচই জিতে দেশে ফিরতে চাই।’
ত্রিদেশীয় সিরিজের ওই ম্যাচটি বাদ দিলে এখন পর্যন্ত বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে হয়েছে দুটি। একটি করে জয় দুদলেরই। আর টি-টোয়েন্টিতে তো এগিয়ে জাহানারা-রুমানারাই। আইরিশদের বিপক্ষে তিন টি-টোয়েন্টির দুটিতেই জিতেছে বাংলাদেশ।
বাংলাদেশের মেয়েদের আয়ারল্যান্ডে খেলার ওটাই একমাত্র অভিজ্ঞতা। অপরিচিত কন্ডিশন আর উইকেটে তাই আগে থেকে কোনো লক্ষ্য স্থির করে যেতে চান না কোচ সরওয়ার ইমরান, ‘এখনই লক্ষ্য ঠিক করা কঠিন। কন্ডিশন সম্পর্কে জানি না, পিচের আচরণ কেমন হবে, সেটাও জানি না। ওখানে যাওয়ার পরই লক্ষ্য ঠিক করতে পারব জেতার জন্য কত রান করা দরকার বা কী করতে হবে।’ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার কাজটা আরও কঠিন করে দিচ্ছে সময়স্বল্পতা। আয়ারল্যান্ডে পৌঁছে মাত্র দুদিনের বিরতিতে মাঠে নেমে পড়তে হবে তাঁদের। তবে জাহানারা আশাবাদী, এটা বড় কোনো সমস্যা হবে না।
কাঁধের চোটের কারণে দল থেকে ছিটকে পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার সালমা খাতুন। এটাকে দলের জন্য বড় ধাক্কা মানলেও তাঁর অনুপস্থিতিতেও ভালো করা সম্ভব বলে বিশ্বাস অধিনায়কের, ‘সালমা আপুকে আমরা অনেক মিস করব। দলের সেরা অলরাউন্ডার তিনি। তবে মনে হয় না, খুব বেশি সমস্যা হবে। দলে দুজন নতুন খেলোয়াড় যোগ হয়েছে। সবাই ভালো খেললে তাঁর অভাব পূরণ করা সম্ভব।’
আয়ারল্যান্ড সফরে দলের সঙ্গী হচ্ছেন মহিলা ক্রিকেটের নির্বাচক আতহার আলী খানও। এর আগে ছেলেদের দলের নির্বাচকের দায়িত্ব পালন করলেও মেয়েদের দল নির্বাচনের অভিজ্ঞতা এবারই প্রথম জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার ও ধারাভাষ্যকারের। আতহার অবশ্য শুধু আয়ারল্যান্ড সিরিজের দিকে তাকিয়ে নেই। দৃষ্টি তাঁর আরও দূরে, ‘পাইপলাইনে আরও খেলোয়াড় দেখতে চাই। এ জন্য সময় লাগবে। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ বাছাইপর্ব আছে। মেয়েদের “এ” দল দাঁড় করাতে চাই, যাতে যেকোনো খেলোয়াড়ের বিকল্প থাকে।’
সফরসূচি
৫ সেপ্টেম্বর ১ম টি-টোয়েন্টি
৬ সেপ্টেম্বর ২য় টি-টোয়েন্টি
৮ সেপ্টেম্বর ১ম ওয়ানডে
১০ সেপ্টেম্বর ২য় ওয়ানডে
*সবম্যাচইহবেলন্ডনডেরিরব্রিডিক্রিকেটক্লাবমাঠে।